প্রধান নির্বাচনী এজেন্টের বাড়িতে অভিযান চালানোর অভিযোগ তৈমুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী গণসংযোগে তৈমুর আলম খন্দকার
ফাইল ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট এ টি এম কামালের বাড়িতে অভিযান চালানোর অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে শহরের মিশনপাড়া এলাকার বাড়িতে অভিযান চালানো হয় বলে অভিযোগ করেছেন তৈমুর।

তৈমুর আলম খন্দকারের অভিযোগ, অভিযানকালে নির্বাচনী এজেন্ট যে গাড়ি ব্যবহারের অনুমতি পেয়েছিলেন, সেই গাড়ির চালককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। প্রধান নির্বাচনী এজেন্টের গাড়ির চালককে তুলে নিয়ে গেলে কামাল কীভাবে দায়িত্ব পালন করবেন, সে প্রশ্ন তোলেন তিনি।

এ টি এম কামাল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

তৈমুরের অভিযোগ প্রসঙ্গে জেলার পুলিশ সুপার জায়েদুল আলম প্রথম আলোকে বলেন, পুলিশ কোথাও অভিযান চালায়নি। কাউকে আটকও করেনি। স্বতন্ত্র প্রার্থী তো অনেক কথাই বলছেন, কিন্তু কোনো কথার প্রমাণ দিতে পারছেন না।
এ বিষয়ে এ টি এম কামালের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।