প্রধান ফটকের ছাদ ধসে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটকের ছাদ গতকাল বুধবার বিকেলে হঠাৎ ধসে পড়েছে। এতে ফাউন্ডেশনের নিরাপত্তা প্রহরীসহ ১০ জন আহত হন।
ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম জানান, বিকেল পাঁচটার দিকে ফাউন্ডেশনের প্রধান ফটকের ছাদ হঠাৎ করে ধসে পড়ে। এ সময় কর্মরত নিরাপত্তা প্রহরী লাল চান এবং বেড়াতে আসা ঢাকার ব্যবসায়ী আলমগীর হোসেন, নজরুল ইসলাম, সোহেল মিয়া এবং নুর মোহাম্মদসহ ১০ জন আহত হন। তাঁদের মধ্যে লাল চানের অবস্থা গুরুতর। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের ঢাকার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রবিউল ইসলাম আরও জানান, ফাউন্ডেশন বন্ধ থাকায় হতাহতের সংখ্যা কম হয়েছে। ২০১২ সালে ওই ফটকটি নির্মাণ করা হয়।
এদিকে নির্মাণের মাত্র দুই বছর পর প্রধান ফটকের ছাদ ভেঙে পড়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় ইছাপাড়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন অভিযোগ করেন, নিম্নমানের নির্মাণ-সামগ্রী দিয়ে ফটকটি নির্মাণ করায় এটি ভেঙে পড়েছে।
ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ বলেন, বিষয়টি নিয়ে আগামীকাল (আজ বৃহস্পতিবার) জরুরি সভা ডাকা হয়েছে। সভা থেকে সিদ্ধান্ত নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।