কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা চাকবৈঠা গ্রাম। এই গ্রামের চার শতাধিক ছেলেমেয়ের লেখাপড়ার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চার মাস আগে অসুস্থ হয়ে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দুর রহমান মারা গেলে পদটি শূন্য হয়। গত বৃহস্পতিবার পর্যন্ত ওই পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এখন সহকারী শিক্ষক নাসিমা আকতারকে বিপুল সংখ্যক শিক্ষার্থীর পাঠদান ছাড়াও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।
নাসিমা আকতার বলেন, আগামী নভেম্বর মাসের শেষের দিকে প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি)। তার আগে একজন প্রধান শিক্ষক নিয়োগ না দিলে শিক্ষার্থীরা ভালো ফলাফল থেকে বঞ্চিত হতে পারে।
পাশের মনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দেড় বছর ধরে প্রধান শিক্ষক নেই। ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল হক বলেন, সরকারি কাজে তিনি বাইরে ব্যস্ত থাকলে বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জেলার উখিয়া, টেকনাফ, সদর, রামু, চকরিয়া, মহেশখালী, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা ৬১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২৩টিতে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে ৩২১টি। ৬১৩টি বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে তিন লাখ ৮২ হাজার ১৮৮ জন।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ বলেন, শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হবে। আর যেসব বিদ্যালয়ে শিক্ষক কম, সেখানে অতিরিক্ত শিক্ষক নিয়োগের চেষ্টা চলছে।
জেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত গত চার বছরে জেলায় এক হাজার ৪২৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ২০১৩ সালে প্রধান শিক্ষক পদে ২৩, সহকারী শিক্ষক (প্রাক-প্রাথমিক) পদে ২৬৭, ২০১২ সালে সহকারী শিক্ষক পদে ২৮৫ জনকে নিয়োগ দেওয়া হয়।