প্রধান শিক্ষককে পেটানোর প্রতিবাদে সমাবেশ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শামসুদ্দিনকে পিটিয়ে আহত করার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কলাপাড়া উপজেলা শাখার সভাপতি সুরাইয়া নাসরিনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদ কলাপাড়া উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুল্লাহ রানা, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মঞ্জুরুল আলম, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম খান, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ সরকারি কলেজশিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবু ইউসুফ, নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেলা পারভীন, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মুহাম্মদ মাসুম বিল্লাহ, চাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ব্যবস্থাপনা কমিটির কর্তৃত্বে ও অনৈতিক কর্মকাণ্ডে শিক্ষক, শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে। তাঁদের অপতৎপরতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেয় সরকার, সবকিছুর দায়িত্ব কেবল সরকারের। তাই প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি না থাকলেও চলে। প্রতিবাদ সমাবেশ থেকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল, প্রধান শিক্ষকের ওপর হামলায় জড়িত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে তাঁর পদ থেকে দ্রুত অপসারণ ও গ্রেপ্তার করার দাবি জানানো হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষুব্ধ শিক্ষকেরা পদযাত্রা করে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির অপসারণসহ বিচার দাবিতে স্মারকলিপি দেন।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার দক্ষিণ গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শামসুদ্দিন বিদ্যালয়ের কক্ষে বসে উপবৃত্তির তালিকা প্রস্তুত করছিলেন। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হান্নান খান এসে স্কুলের মূল ভবন থেকে পাশে বিদ্যালয়ের পরিত্যক্ত একটি ঘরে বিদ্যুৎ–সংযোগ দিতে বলেন। পরিত্যক্ত ঘরটিতে দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনা কমিটির সভাপতির ভাই আবদুল হামিদ খান দখল করে রেখে সেখানেই থাকেন। প্রধান শিক্ষক ওই কক্ষে বিদ্যুতের সংযোগ দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে হান্নান খান প্রথমে প্রধান শিক্ষককে গালমন্দ করেন। একপর্যায়ে চেয়ার দিয়ে পেটাতে শুরু করেন। এতে প্রধান শিক্ষক দুই হাত দিয়ে চেয়ারের আঘাত ঠেকাতে গেলে তাঁর বা হাতের আঙুল ও তালু থেঁতলে যায় এবং রক্তক্ষরণ হয়। এ ঘটনার পর একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জলিল হাওলাদারসহ স্থানীয়রা প্রধান শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তিনি এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আশাদুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় প্রধান শিক্ষকের ছোট ভাই এস এম ফকরুদ্দিন বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।