প্রধান সড়ক বেহাল, দুর্ভোগ

সড়কটি গুরুত্বপূর্ণ হলেও সংস্কারের অভাবে এ পথে হেঁটে চলাও প্রায় অসম্ভব। বর্ষা শুরু হওয়ার আগেই সড়ক কাদাপানিতে একাকার।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মেঘনার প্রধান সড়কের পারারবন্দ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পর্যন্ত সড়ক দীর্ঘদিন ধরে বেহাল। সম্প্রতি সড়কটির কাশীপুর অংশ থেকে তোলা
ছবি: প্রথম আলো

কুমিল্লার মেঘনা উপজেলার প্রধান সড়কের পারারবন্দ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার সাত বছরের বেশি সময় ধরে বেহাল। সড়কটি গুরুত্বপূর্ণ হলেও সংস্কারের অভাবে এ পথে হেঁটে চলাও প্রায় অসম্ভব। বর্ষা শুরু হওয়ার আগেই সড়ক কাদাপানিতে একাকার।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কের মুগারচর, পারারবন্দ, লক্ষ্মণখোলাসহ বিভিন্ন স্থানে গর্ত আর গর্ত। এসব গর্তে জমে আছে পানি।

উপজেলার মুগারচর গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক খোকন মিয়া বলেন, দীর্ঘ সাত বছর ধরে সংস্কার না হওয়ায় সড়কটি শুষ্ক মৌসুমে ধুলায়, একটু বৃষ্টি হলে সড়কটি কাদায় একাকার হয়ে যায়। সড়কটি স্থানে স্থানে ইট, সুরকি, পিচ উঠে মাটির সড়কে পরিণত হয়েছে।

পারারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মকবুল হোসেন বলেন, সড়কটি ২০১৪-১৫ অর্থবছরে সংস্কার করা হয়। এরপর থেকে আর সংস্কার করা হয়নি। পাকা সড়কটি ধীরে ধীরে মাটির সড়কে পরিণত হয়েছে। অথচ সড়কের এ অংশ দিয়ে উপজেলা সদরসহ পারারবন্দ, মুগারচর, লক্ষণখোলা, মানিকারচর, বল্লমেরকান্দি, কাশিপুর, আমিরাবাদ, সাপমাড়া, বড়সামপাড়া ও তালতলী গ্রামের প্রায় ১০ হাজার লোক নিয়মিত চলাচল করেন। সড়ক খানাখন্দে ভরপুর থাকায় পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

কাশিপুর গ্রামের বাসিন্দা গৃহবধূ ছেনরা বেগম ও মাছিমপুর গ্রামের সালমা আক্তার বলেন, বৃষ্টি হলে এ সড়ক কাদায় একাকার হয়ে যায়। সড়কের আশপাশের গ্রামের কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি পেতে তাঁদের কষ্টকর হয়।

লক্ষ্মণখোলা বাজারের দোকানদার মোশারফ হোসেন বলেন, বৃষ্টির পর এ সড়ক দিয়ে দোকানের মালামাল আনতে অতিরিক্ত গাড়ি ভাড়া দিতে হয়।

পারারবন্দ গ্রামের বাসিন্দা কৃষক জাহিদ বাদশা বলেন, সড়কটি বেহাল হওয়ায় প্রায় ১৫টি গ্রামের মাঠের ফসল পরিবহনের মারাত্মক সমস্যা হচ্ছে।

পারারবন্দ গ্রামের বাসিন্দা ও হোমনা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আনোয়ার হোসেন বলেন, শুষ্ক মৌসুমে ধুলায় ও বৃষ্টিতে হাঁটুপানি-কাদায় এ সড়কে চলাচল দায় হয়ে পড়ে।

ট্রাকচালক আবু তাহের ব্যাপারী ও কাভার্ডভ্যানচালক মাসুম মোল্লা বলেন, সড়কের যে অবস্থা তাতে মনে হয়, এই বুঝি গাড়ি উল্টে গেল। যন্ত্রপাতি তো নষ্ট হচ্ছেই।

এলজিইডির মেঘনা উপজেলা সার্ভেয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে সর্বশেষ গত জানুয়ারির প্রথম সপ্তাহে কুমিল্লা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের মাধ্যমে ঢাকার প্রধান কার্যালয়সহ বিভিন্ন প্রকল্পে লিখিত আবেদন পাঠানো হয়েছে।