প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে আলালের নামে জয়পুরহাট থানায় লিখিত অভিযোগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এ অভিযোগ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এ কে এম আলমগীর জাহান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগকারী জহুরুল ইসলাম বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছেন। এ ধরনের কুরুচিপূর্ণ উক্তি সরকার, দেশের মানুষ ও দেশের জন্য মানহানিকর। এ কারণে তিনি আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার জন্য থানায় লিখিত অভিযোগ করেন।
এ কে এম আলমগীর জাহান প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক বিএনপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।