প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: মাদারীপুরে বিএনপি নেতা মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল
প্রথম আলো ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেনের নামে মাদারীপুরে মামলা হয়েছে।আজ বুধবার দুপুরে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলাটি করেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনজীবী জাফর ইমাম ওরফে সুজন।

আদালত পুলিশের পরিদর্শক রমেশ চন্দ্র দাশ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ায় কেন্দ্রীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে মাদারীপুর আদালত মামলাটি গ্রহণ করেছেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিদ্দিকুর রহমান সিং প্রথম আলোকে বলেন, মামলাটির তদন্ত করে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে গোপালগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার আরজি সূত্রে জানা যায়, ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত ‘বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি করেন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। সেই বক্তব্য বিএনপির ইউটিউব চ্যানেলে আপলোড করে প্রচার করা হয়। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও তিনি কটূক্তি করেন।

মামলার বাদী জাফর ইমাম বলেন, ‘আমি এই দেশের শুধু নাগরিকই নই, আমি কৃষক লীগের রাজনীতির সঙ্গেও জড়িত। আমাদের নেত্রীকে নিয়ে মোয়াজ্জেম হোসেন যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তাতে শুধু আমি নই, সারা দেশের মানুষ ব্যথিত হয়েছে। তাই তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছি।’

মামলার আইনজীবী সুজন ভৌমিক বলেন, ‘আমার মক্কেল জাফর ইমাম মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার প্রতিকার চেয়ে মামলাটি করেছেন। আশা করছি, আমরা আদালতের কাছ থেকে সুবিচার পাব।’