প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পদ্মায় ভাসবে ৫০টি নৌকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা সেতুর উদ্বোধনের দিন পদ্মায় একসঙ্গে ভাসবে সুসজ্জিত ৫০টি নৌকা। আজ বিকেলে মাদারীপুরের কাঁঠালবাড়ি এলাকায়
ছবি: প্রথম আলো

রংবেরঙের বেলুন আর জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে নৌকাগুলো। কাল সকাল থেকেই নৌকাগুলো পদ্মা সেতুর নিচে ভাসতে থাকবে। তবে নৌকায় মাঝি ছাড়া থাকবে না কেউ। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পদ্মাপাড়ের জেলেদের নিয়ে এমন আয়োজন করেছে শিবচর পৌরসভা।

নৌকাগুলো সাজিয়ে-গুছিয়ে মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট এলাকার চরচান্দা এলাকার পদ্মার পাড়ে রাখা হয়েছে। দৃষ্টিনন্দন নৌকাগুলো দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন পদ্মার পাড়ে।

আজ শুক্রবার বিকেলে দেখা যায়, ৫০টি নৌকা সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে পদ্মার পাড়ে। নৌকাগুলোতে লাল-সবুজ পতাকার সঙ্গে ছইয়ের ওপরে দেওয়া হয়েছে লাল-সবুজ বেলুন। নৌকাগুলোর মাস্তুলে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর বাবা ইলিয়াস আহম্মেদ চৌধুরী এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর ছবি। জেলেদের এ ব্যতিক্রম আয়োজন দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো দর্শনার্থীরা। কেউ কেউ ছবি তুলছেন।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পদ্মার বুকে সুসজ্জিত ৫০টি নৌকা সারা দিন ভাসতে থাকবে।

ফরিদপুর থেকে এই দৃষ্টিনন্দন নৌকাগুলো দেখতে এসেছেন মো. হাসিব। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এখানে ঘুরতে এসেছি। পদ্মার পাড়ে ভাসতে থাকা নৌকাগুলো সত্যি অসাধারণ। গ্রামবাংলার ঐতিহ্য এখানে ফুটে উঠেছে।’ মাদারীপুর শহর থেকে আসা আরিফুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঘুরতে এসে নৌকাগুলো দেখে খুব ভালো লাগছে।

আয়নাল হাওলাদার নামের একজন নৌকার মাঝি বলেন, ‘আমরা কাল সকালে এই ৫০টি নৌকা নিয়ে একযোগে পদ্মার বুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাব। প্রধানমন্ত্রীর আগমনে আমরা ভীষণ খুশি। তাঁর এই আগমন আমাদের পদ্মাপাড়ের জেলেদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ফারুক শিকদার বলেন, ‘আমাদের পাওনা ছিল এই পদ্মা সেতু, আজ সেটা বাস্তবায়িত হয়েছে। আমাদের স্থানীয় জেলেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে এভাবে নৌকা সাজিয়েছেন।’

শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘পদ্মার পাড়ে থাকা জেলে ভাইদের চিরচেনা রূপ ধরে রাখতে আমাদের এই আয়োজন। বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পদ্মার বুকে সুসজ্জিত ৫০টি নৌকা সারা দিন ভাসতে থাকবে।’