প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত করা ছবি ফেসবুকে শেয়ার করার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার গ্রেপ্তার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার শিক্ষকের নাম ইসমাইল হোসেন (২১)। তিনি কচুয়া উপজেলার লড়ারহাট খাদেমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তাঁর বাড়ি উপজেলার লড়ারকুল গ্রামে। একই মামলার আসামি কচুয়ার দক্ষিণ মাধবকাঠি গ্রামের মো. তৌফিকুল ইসলাম রনি (২০) নামের এক যুবক পলাতক আছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর বিকৃত করা ছবি সনাতন ধর্মীয় দুর্গাপ্রতিমার ছবির সঙ্গে মিলিয়ে ‘না বলা নিষেধ’ নামে একটি আইডি থেকে শেয়ার করেন মাদ্রাসাশিক্ষক ইসমাইল হোসেন। পরে গতকাল সোমবার দিবাগত রাতে কচুয়া উপজেলার লড়ারকুল গ্রামের মাদ্রাসা থেকে ইসমাইল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনপ্রতিনিধিসহ কয়েকজন।

এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন স্থানীয় বাসিন্দা মো. জাকির হাজরা। পরে আটক ইসমাইল হোসেনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিকৃত করা ছবি ফেসবুকে ছড়ানোর অপরাধে একই মামলায় মো. তৌফিকুল ইসলামকে আসামি করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক।

কচুয়া থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মহলদার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে জাকির হাজরার করা মামলায় ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।