প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৫ কেজির কেক কাটলেন সুনামগঞ্জের সাংসদ
সুনামগঞ্জের ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে ৭৫ কেজি ওজনের কেক কেটেছেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক। গতকাল মঙ্গলবার বিকেলে ছাতক পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতা–কর্মী ও সমর্থকেরা অংশ নেন। গতকাল দুপুর থেকেই নেচেগেয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা–কর্মীরা সমাবেশে যোগ দিতে থাকেন। সমাবেশের একপর্যায়ে মঞ্চে থাকা নেতা–কর্মীদের নিয়ে ৭৫ কেজি ওজনের কেক কাটেন সাংসদ মুহিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুহিবুর রহমান বলেন, ‘এই বাংলাদেশ বঙ্গবন্ধুর সৃষ্টি। আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে দিন–রাত কাজ করছেন। তিনি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের নয়, বিশ্বের নেতা। জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আনুগত্যের প্রকাশ হিসেবে আমরা এই আয়োজন করেছি।’
ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহিদের সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ প্রমুখ বক্তব্য দেন।