প্রধানমন্ত্রীর শীতবস্ত্র উপহার পেলেন রাজশাহীর ২ হাজার ৬০০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান শীতবস্ত্র বিতরণ করেন। সোমবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে
ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীতবস্ত্র উপহার পেয়েছেন রাজশাহী সিটি করপোরেশন পরিচালিত সিটি প্রাক্‌-প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষকসহ ২ হাজার ৬০০ জন।

সোমবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এসব শীতবস্ত্র বিতরণ করেন।

সিটি করপোরেশনের ২০টি ওয়ার্ডের ২০টি প্রাক্‌-প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ৩০০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১টি হুডি জ্যাকেট এবং ১ হাজার ৩০০ জন অভিভাবক ও শিক্ষকের প্রত্যেককে ১টি কার্ডিগান দেওয়া হয়।

অনুষ্ঠানে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, ‘রাজশাহীতে শীতের তীব্রতা অনেক বেশি। শীতের তীব্রতার বিষয়টি বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মোট ২ হাজার ৬০০ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষককে শীতবস্ত্র দেওয়া হলো। আমরা সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।’

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক সাবরিনা নাজ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুজ্জামান, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মোমিন, সচিব মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, মাজেদা বেগম, শিক্ষা কর্মকর্তা আনারুল হক প্রমুখ।

নগরের দরিদ্র ও হতদরিদ্র পরিবারের শিশুদের একাডেমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি করপোরেশন। রাজশাহী নগরে ১৯৯৪ সালে বস্তি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজশাহী সিটি করপোরেশন উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম হিসেবে ২০টি ওয়ার্ডে ২০টি প্রাক্‌-প্রাথমিক বিদ্যালয় চালু করে। এই প্রকল্পে শিশু বিকাশ কেন্দ্র ও প্রাক্‌–প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০ জন করে ছাত্রছাত্রী ভর্তি হয়ে থাকে। সব বিদ্যালয়ের শিক্ষার্থীকে রাজশাহী সিটি করপোরেশনের অর্থায়নে শিক্ষা উপকরণ দেওয়া হয়ে থাকে। প্রতিটি কেন্দ্রে আছেন দুজন নারী শিক্ষক।