প্রবাসীকে হত্যার দায়ে নয়জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে হত্যার দায়ে ৯ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা সবাই নেছার আহমেদ নামের এক প্রবাসীকে হত্যা করেছেন। আজ সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার এই রায় দেন। প্রথম আলোকে রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী জহিরুল ইসলাম।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন নাছির ওরফে লেডা নাছির, মো. বাবুল, মো. শাহীন, নুরুল ইসলাম, মো. জুবায়ের, মো. দিদার, মো. ইসমাইল, মো. জঙ্গু ও আবু জাফর। তাঁদের মধ্যে রায় ঘোষণার সময় একমাত্র শাহীন আদালতে উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিরা পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১ নভেম্বর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কালামের বিল এলাকায় প্রবাসী নেছার আহমেদকে পাঁচ হাজার টাকা পাওনা উদ্ধারের কথা বলে ঘর থেকে ডেকে নেন লেডা নাছির। পরদিন কালামের বিল এলাকার পাহাড়ের পাদদেশে নেছারের হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়। এই ঘটনায় তাঁর স্ত্রী মোরশেদা আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দেয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত রায় দেন।
রায়ের আদেশে সন্তুষ্টি প্রকাশ করেন নিহতের স্ত্রী মোরশেদা আক্তার। তিনি বলেন, উচ্চ আদালতে যেন এই রায় বহাল থাকে।