প্রভাব বিস্তার করার মতো লোকবল আমার নেই, প্রশাসনও নেই: আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় গণসংযোগ করেন
ছবি: দিনার মাহমুদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রভাব বিস্তার করার মতো লোকবল বা প্রশাসন তাঁর নেই। নির্বাচনে তাঁর পক্ষে প্রভাব বিস্তারের যে অভিযোগ স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার তুলেছেন, সেই অভিযোগ খণ্ডন করে আইভী এ কথা বলেন। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি নির্বাচনে প্রভাব বিস্তার করি না। নারায়ণগঞ্জের মানুষ আমাকে দীর্ঘ ১৮ বছর ধরে জানে। আমাকে তারা দেখেছে। আমি যা বলি প্রকাশ্যেই বলি। আমি আরও দুটি সিটি নির্বাচন করেছি। কেউ বলতে পারবে না নির্বাচনে প্রভাব বিস্তার করেছি। নির্বাচনে উনি (তৈমুর) প্রচারণা চালাচ্ছেন, আমিও চালাচ্ছি। কিন্তু এর বাইরে কী হচ্ছে আমি জানি না, জানতে চাইও না। আমি এই মুহূর্তে আমার জনগণকে নিয়ে আছি, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, ভোট চাইছি।’

গ্রেপ্তার ও হয়রানির যে অভিযোগ তৈমুর আলম খন্দকার করেছেন, সেই বিষয়ে আইভী বলেন, ‘আমাকে এই শহরের মানুষ জানে। প্রভাব বিস্তার করার মতো লোকবল আমার নেই। প্রশাসনও নেই। নিশ্চয়ই প্রতিটা নির্বাচনে প্রশাসনের একটা কৌশল (স্ট্র্যাটেজি) থাকে। তারা কী করছে আমি জানি না। অপর প্রার্থী কী অভিযোগ করেছেন, সেটি আমার দেখার বিষয় না। প্রশাসন যদি কিছু করে থাকে তারা দেখবে।’ তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, ‘উনি (তৈমুর) কেন এমন অভিযোগ করছেন, আমি জানি না। হয়তো এটি তাঁর নতুন কোনো চাল!’

সাংসদ শামীম ওসমান তাঁর পক্ষে নির্বাচনে নেমেছেন কি না জানতে চাইলে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘বিধি মোতাবেক তিনি (শামীম ওসমান) নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন না।’