আবৃত্তি সংগঠন প্রমার উদ্যোগে আজ থেকে শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী আবৃত্তির আয়োজন। ‘অভিন্নহৃদয়ে কবিতার ধ্বনি’ শিরোনামে এই অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের আবৃত্তিশিল্পীরা আবৃত্তি পরিবেশন করবেন। অনুষ্ঠানে আমন্ত্রিত সংগঠন হিসেবে অংশ নেবে আগরতলার আবৃত্তি সংগঠন কবিতালোক, কলকাতার আবৃত্তি সংগঠন শ্রুতি বৃত্ত। এ ছাড়া অনুষ্ঠানে থাকবে প্রমার একক ও দলীয় পরিবেশনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় উদ্বোধনী পর্বে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজনীতিবিদ মফিজুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফি, এনজিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অসিত কুমার সাহা, কবি ওমর কায়সার, রাশেদ রউফ, কবি মানজুর মুহাম্মদ, প্রত্যয় ’৭১–এর সভাপতি সাইফুদ্দিন খালেদ বাহার। বিজ্ঞপ্তি।