মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ ও ‘প্রাণরেখা’ হিসেবে পরিচিত এম সাইফুর রহমান সড়ক (সাবেক সেন্ট্রাল রোড)। এ সড়ক দিয়ে শহরের বেশির ভাগ মানুষ ও যানবাহনের চলাচল। কিন্তু নানা প্রতিবন্ধকতা ও দখলে সংকীর্ণ হয়ে যাওয়া সড়কটিতে নিয়মিত লেগে থাকত যানজট। সম্প্রতি পৌর কর্তৃপক্ষের উদ্যোগে সড়কটি প্রশস্ত করা হয়েছে। সংস্কার ও পুনর্নির্মাণ শেষে গতকাল বুধবার সড়কটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
গতকাল সাইফুর রহমান সড়কের প্রধান ডাকঘর এলাকা থেকে পশ্চিমবাজারের টেলিফোন ভবন পর্যন্ত ঘুরে দেখা গেছে, ডাকঘর এলাকায় সড়ক অনেকটা প্রশস্ত হয়ে গেছে। পুরোনো থানা ও পুরোনো হাসপাতাল এলাকায় সড়ক আগের চেয়ে চওড়া করা হয়েছে। অন্যদিকে পুরোনো হাসপাতাল এলাকা থেকে পশ্চিম বাজারের টেলিফোন ভবন পর্যন্ত সড়কে আরসিসি পাকা ঢালাই করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও পৌরসভা সূত্রে জানা গেছে, এম সাইফুর রহমান সড়কটি ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুসুমবাগ এলাকার সঙ্গে যুক্ত হয়েছে। এই সড়কের মধ্যে পড়েছে জেলা শহরের প্রধান ব্যবসাকেন্দ্র পশ্চিম বাজার। সড়কের দুই পাশে দোকানের সারি। সড়কে পথচারী, ক্রেতা-বিক্রেতা ও যানবাহনের চাপ বেশি থাকে। কিন্তু বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সিঁড়ি, মালামাল রাখাসহ নানাভাবে দখলের কারণে সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছিল। কোনো দোকানের সামনে দু–একটি গাড়ি দাঁড় করিয়ে রাখলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
এই দুর্ভোগ থেকে শহরবাসীকে পরিত্রাণ দিতে পৌর কর্তৃপক্ষ সম্প্রতি রাস্তা শুধু সংস্কার ও প্রশস্ত করার কাজে হাত দেয়। নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ সড়কে ২ কোটি ৪০ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে উন্নয়নকাজ করা হয়েছে।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মো. ফজলুর রহমান বলেন, ডাকঘর থেকে টেলিফোন ভবন পর্যন্ত ২০ থেকে ২২ ফুটের বেশি চওড়া ছিল না। এখন বিভিন্ন স্থান ৩৫ থেকে বেড়ে ৪৪ ফুট পর্যন্ত হয়েছে। অনেক ভবনের সিঁড়ি রাস্তায় নিয়ে এসেছিল। অনেক ভবনের সিঁড়ির নিচে সড়কের নালা চলে গিয়েছিল।
এ সময় আরও বক্তব্য দেন পৌর কাউন্সিলর ফয়সল আহমদ, নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকীবুর রহমান প্রমুখ।