প্রশাসনকে জনগণের সামনে দাঁড় করিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে সরকার: আফরোজা আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আফরোজা আব্বাস। আজ মঙ্গলবার দুপুরে বরিশাল নগরের ডিসি ঘাট এলাকার এক হোটেলের মিলনায়তনে
ছবি: প্রথম আলো

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেন, এই অবৈধ সরকার মানুষের সমর্থন হারিয়ে এখন প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে ক্ষমতায় টিকে থাকার লড়াই করছে। সাহস থাকলে প্রশাসনের সহায়তা ছাড়া মাঠে নামুন, তাহলে টের পাবেন জনগণ কাদের সঙ্গে আছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশালের ডিসি ঘাট এলাকার একটি হোটেলের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সরকারের উদ্দেশে আফরোজা আব্বাস বলেন, সরকার কথায় কথায় উন্নয়নের দোহাই দেয়। কিন্তু আওয়ামী লীগের উন্নয়ন শুধু খুন, গুম, ধর্ষণ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেওয়ার উন্নয়ন। মন্ত্রী, সাংসদ ও দলীয় নেতাদের সম্পদের পাহাড় গড়ার উন্নয়ন।

মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শামিমা আকবরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ।
অপর দিকে বিকেলে নগরীর অপর একটি হোটেলের সম্মেলন কক্ষে বরিশাল (দক্ষিণ) জেলা মহিলা দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা মহিলা দলের সভাপতি ফারহানা তিথি সভাপতিত্ব করেন। এ সভায়ও প্রধান অতিথি ছিলেন আফরোজা আব্বাস।

স্মারকলিপি প্রদান
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও অতি দ্রুত বাজার নিয়ন্ত্রণ করে পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জেলা প্রশাসকের কাছে পৃথকভাবে স্মারকলিপি দিয়েছে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। বেলা ১১টার দিকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের অনুপস্থিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ।