প্রশাসনের তদারকির মধ্যেই বেশি দামে মাংস বিক্রি

গরুর মাংস প্রতি কেজিতে ৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজিতে ২০ টাকা বাড়তি দামে বিক্রি হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ফাইল ছবি

চুয়াডাঙ্গায় রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালাচ্ছেন। তবে এর মধ্যেই গতকাল সোমবার বেশি দামে মাংস বিক্রি করেছেন বিক্রেতারা। গরুর মাংস প্রতি কেজিতে ৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজিতে ২০ টাকা বাড়তি দাম চেয়েছেন তাঁরা।

গতকাল দুপুর ১২টা থেকে শহরের বড়বাজারে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বাজার তদারকি করেন। ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান বাজার তদারকিতে নামেন। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা শহীদুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, জেলা পরিবেশক সমিতির সভাপতি মো. সালাউদ্দিন ও হোটেল–রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শেখ পেয়ার মোহাম্মদ উপস্থিত ছিলেন।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান মাংস বিক্রেতাদের সতর্ক করে দিয়ে বলেন, জেলা প্রশাসনের নির্ধারিত দরের চেয়ে বাড়তি দামে মাংস বিক্রি করলে জেল-জরিমানাসহ শাস্তি ভোগ করতে হবে। বিষয়টি নিয়মিত তদারকি করা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদারকি দল মাছের বাজার ও সবজি বাজারেও অভিযান চালান এবং খুচরা ও পাইকার বিক্রেতাদের সীমিত লাভে পণ্য বিক্রির জন্য তাগাদা দেন। এ ছাড়া প্রত্যেককে পণ্য কেনার রসিদ ও ক্রেতাদের কাছে বিক্রির সময় রসিদ দিতে নির্দেশনা দেন।

গত ৩০ মার্চ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে গরুর মাংস প্রতি কেজি সর্বোচ্চ ৬০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি সর্বোচ্চ ৭৮০ টাকা এবং সব ধরনের মুরগির বিক্রেতাদের প্রতি কেজিতে ১০ টাকা লাভের জন্য সিদ্ধান্ত এবং তা বাস্তবায়নে নির্দেশনা দেওয়া হয়েছিল।

গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামলে ভুক্তভোগী ক্রেতারা মাংস বিক্রেতাদের বিরুদ্ধে বাড়তি দাম নেওয়ার অভিযোগ করেন। মাংসের দোকানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযোগের সত্যতা পান। আদালতের সামনেই তাঁরা প্রকাশ্যে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৮০০ দরে বিক্রি করতে থাকেন।

বাড়তি দামের বিষয়ে জানতে চাইলে গরুর মাংস বিক্রেতা ইলিয়াস হোসেন আদালতকে জানান, রোজার মাসে মাংসের চাহিদা বেড়ে যাওয়ায় জেলার পশুহাটগুলোতে গরু-ছাগলের চাহিদা বাড়তে থাকে। সেই সঙ্গে ঢাকা থেকে মহাজনরা এসে বাড়তি দামে গরু-ছাগল কিনে নিয়ে যাচ্ছেন। বাড়তি মূল্যে পশু কেনার প্রভাব পড়ে।

এদিকে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গত ৩০ মার্চ মাংস ব্যবসায়ীদের আলোচনার জন্য ডাকলেও একজনও আহ্বানে সাড়া দেননি। জেলা প্রশাসকের আহ্বানে কেন সাড়া দেওয়া হয়নি, এমন প্রসঙ্গে ইলিয়াস বলেন, ‘ডিসি অপিসি গেলিই অ্যাট্টা দর বাইন্দে দ্যায়। ছারের সামনে আমাগের কতা দিইয়ে আসতি হয় যে, বান্দা দরে গোস্ত বেচপো। কিন্তু বেশি দামে কিইনে কোম দামে বেচতি পাইরবো না বুলে কেউই যায়নি।’

মাংস বিক্রেতাদের এই বক্তব্যকে উপস্থিত অনেকেই অজুহাত বলে দাবি করেন। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা শাখার সভাপতি মানিক আকবর বলেন, মাংসের দাম নির্ধারণের পর বাড়তি দামে যাঁরা বিক্রি করছেন, তাঁদের শাস্তির আওতায় আনতে হবে। সত্যিকার অর্থেই ব্যবসায় লোকসান হলে তাঁরা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে মূল্য সমন্বয় করে নিতে পারতেন। তা না করে গায়ের জোরে দাম আদায় করে চলেছেন। এই স্পর্ধা যাঁরা দেখিয়েছেন, তাঁদের ছাড় দেওয়ার সুযোগ নেই।