প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

নরসিংদীর পলাশ উপজেলায় জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ১৬ বছর বয়সী এক কিশোরী। আজ সোমবার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার এক গ্রামে ওই বাল্যবিবাহ বন্ধ করা হয়। ওই কিশোরীর বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল।
জেলা প্রশাসন বলছে, ১৬ বছরের এক কিশোরীকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে, এমন খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। আজ ওই কিশোরীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার একটি পরিবারে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। পরে ওই বিয়ে বন্ধ করে পরিবারটির কাছ থেকে একটি মুচলেকা আদায় করা হয়। এ সময় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেহেনা পারভীন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল জানান, ‘আমাদের কাছে দেওয়া মুচলেকায় মেয়েটির মা–বাবা অঙ্গীকার করেছেন, ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত ওই কিশোরীকে বিয়ে দেওয়া হবে না।’