প্রসবকালে ছিঁড়ে গেছে নবজাতকের মাথা
বরিশালে ধাত্রীর সহযোগিতায় প্রসবের সময় এক নবজাতকের মাথা ছিঁড়ে গেছে। উজিরপুর উপজেলার বরাকোঠা গ্রামের হাওলাদারবাড়িতে গত শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় প্রসূতি মুক্তা বেগমকে (৩০) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত আটটার দিকে চিকিৎসকেরা নবজাতকের শরীর বের করে আনেন। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান শিখা সাহা বলেন, ‘গ্রামের ধাত্রী প্রসব করানোর জন্য শিশুর মাথা ধরে জোরে জোরে টানাটানি করেছেন। তা না হলে মাথা ছিঁড়ে যাওয়ার কথা নয়। আমরা ওষুধের মাধ্যমে শিশুর শরীরের অংশ বের করেছি।’
জানতে চাইলে প্রসূতির স্বামী মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমার মা ধাত্রীর কাজ করেন। আমার অন্য দুই সন্তান তাঁর হাতেই প্রসব হয়েছে। কিন্তু এবার যে কী হয়েছে, জানি না। এটি একটি দুর্ঘটনা।’