প্রসাধনীর গুদামে অভিযান, মালিককে ছয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের আলমগীর স্টোরের গুদামে বুধবার দুপুরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে ৮ লাখ টাকা মূল্যের নকল ৬২ ধরনের প্রসাধনী জব্দ করা হয়। পরে নকল পণ্য বিক্রি করার অপরাধ স্বীকার করায় ওই প্রতিষ্ঠানের মালিক আলমগীর হোসেনকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন আদালত।

সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর আমিন জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে বুধবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের বড়বাজারে তাঁর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলমগীর স্টোরের গুদাম থেকে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন জনসন বেবি পাউডার, ক্রিম, ল্যাকমে ক্রিম, ফগস পারফিউম, ক্লিন অ্যান্ড ক্লিন ক্রিমসহ ৬২ ধরনের নকল প্রসাধনীর ৪ হাজার ৫৬টি পণ্য জব্দ করা হয়। ওইসব পণ্যের গায়ে বিএসটিআইয়ের চিহ্ন ছিল না। এসব পণ্য নামিদামি কোম্পানির স্টিকার লাগিয়ে খুচরা ও পাইকারি বিক্রি করতেন ওই ব্যবসায়ী।
জব্দ করা এসব পণ্যের মূল্য আট লাখ টাকা হবে জানিয়ে তিনি আরও জানান, জব্দ করা পণ্য নষ্ট করা হবে। নিজের দোষ স্বীকার করায় ব্যবসায়ী আলমগীর হোসেনকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, তিনি ঢাকার চকবাজার থেকে ওইসব নিম্নমানের প্রসাধনী ও নামি কোম্পানির স্টিকার কিনে এনে খুচরা ও পাইকারি বিক্রি করতেন।
অভিযানে অংশ নেন খুলনা র‍্যাব-৬–এর সাতক্ষীরা শাখার সহকারী পুলিশ সুপার বজলুর রশীদ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপপরিচালক জাকির হোসেন, সুলতানপুর বড়বাজার কসমেটিকস ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।