প্রাইভেট কার তল্লাশি করে আড়াই কেজি সোনা উদ্ধার, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের অভিযানে উদ্ধার সোনার অলংকার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রাইভেট কার তল্লাশি করে ২ কেজি ৫৮৫ গ্রাম ওজনের সোনার অলংকার উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই প্রাইভেট কারে থাকা তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে বন্ডবিল রেলগেট এলাকায় সদর ও আলমডাঙ্গা থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ ও তাঁদের আটক করেছে।

আটক ব্যক্তিরা হলেন জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুরের মো. বাপ্পি হোসেন (৩০), চুয়াডাঙ্গা শহরের বনানীপাড়ার সম্রাট হোসেন (২১) এবং মাদারীপুর সদর উপজেলার জালালপুর গ্রামের সুমন হাওলাদার (৩৫)। তাঁদের মধ্যে বাপ্পি প্রাইভেট কারটির মালিক এবং ঘটনার সময় তিনিই সেটি চালাচ্ছিলেন। আটকের পর তিনজনকেই আলমডাঙ্গা থানায় নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ চলছে।

আবু তারেক বলেন, বাপ্পি নিজেকে বাহক হিসেবে দাবি করলেও স্বর্ণালংকারের মালিকের পরিচয় জানাননি। মালিকের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

বাপ্পি নিজেকে বাহক হিসেবে দাবি করলেও স্বর্ণালংকারের মালিকের পরিচয় জানাননি। মালিকের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক প্রথম আলোকে বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি হোসেন সোনার অলংকারের এই চালানের বাহক বলে স্বীকার করেছেন। বাপ্পির ভাষ্য অনুযায়ী, সুমন হাওলাদার তাঁর বন্ধু এবং সম্রাট ভাগনে। বাপ্পি জানিয়েছেন, আন্তদেশীয় সোনা পাচারকারী দলের হয়ে তিনি কাজ করে থাকেন। এ জন্য প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন পান। এ ছাড়া প্রতিটি চালান বহনের জন্য মজুরি হিসেবে ৮ হাজার টাকা পেয়ে থাকেন। চলতি মাসে এর আগে চারটি চালান চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকায় নিয়ে গেছেন।

চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে আটক ৩ সোনা চোরাচালানকারী
ছবি: সংগৃহীত

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, দর্শনা থেকে প্রাইভেট কারে বিশেষ কায়দায় লুকিয়ে মূল্যবান কিছু পাচার করা হচ্ছে, এমন খবরে আলমডাঙ্গা ও সদর থানা-পুলিশ যৌথ অভিযানে নামে। তারা আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল রেলগেট এলাকায় একটি প্রাইভেট কারকে থামায়। সেটিতে তল্লাশি চালিয়ে ভেতরে বিশেষ কায়দায় কাগজে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সোনার অলংকারের ছয়টি পোঁটলা উদ্ধার করে। অলংকারের মধ্যে ছিল সোনার বালা, নেকলেস, আংটি ও কানের দুল। ঘটনাস্থলেই সোনার অলংকারগুলো ওজন করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, অভিযানের খবরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি আলম নূর ঘটনাস্থলে আসেন। স্বর্ণালংকার উদ্ধারের পর গাড়ির চালকসহ তিনজনের কেউই বৈধ কাগজ দেখাতে পারেননি। ওসি বলেন, আটক ব্যক্তিরা আন্তজেলা সোনার অলংকার পাচার চক্রের সক্রিয় সদস্য।