প্রাইভেট কারের ধাক্কায় ছোট ভাই নিহত, অপর দুই ভাই আহত
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নিহত ওই ব্যক্তির অপর দুই ভাই। আজ মঙ্গলবার সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মো. আবুল হোসেন (৫৫)। আর আহত তাঁর দুই ভাই হলেন শাহ আলম (৬৫) ও সোহরাব হোসেন (৭০)। তাঁরা শরীয়তপুর জেলার দাঁতপুর ভাষানচর গ্রামের মৃত ইউসুফ চৌকিদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে ওই তিন ভাই মাওয়ার দিকে যাচ্ছিলেন। কেয়টখালী এলাকায় পেছন থেকে একটি প্রাইভেট কার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তাঁরা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন নিহত হন। আহত হয়েছে শাহ আলম ও সোহরাব হোসেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহত দুজনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠান।