প্রাইভেট না পড়ায় স্কুলছাত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ
প্রাইভেট না পড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হাসানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই ছাত্রীর বাবা আজ রোববার লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া রহমান পৌর এলাকার মো. মজিবর রহমানের মেয়ে। গতকাল শনিবার দুপুরে টিফিনের পর বান্ধবীদের সঙ্গে বসে সে গল্প করছিল। এ সময় প্রধান শিক্ষক মো. আলী হাসান তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে বেধড়ক পিটুনি দেন। এতে ওই ছাত্রী গুরুতর আহত হয়। পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় চিকিৎসকেরা এক্স-রে করার পর ওই ছাত্রীর বাঁ হাতের কবজির ওপরের হাড় ফেটে গেছে বলে জানান।
ওই ছাত্রীকে পেটানোর বিষয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হাসান বলেন, ‘শনিবার টিফিনের পর স্কুলছাত্রী মাহিয়া মুঠোফোনে কথা বলছে—এমন অভিযোগের ভিত্তিতে তাকে ডেকে এনে মুঠোফোনটি জব্দ করি। পরে সে চলে যাওয়ার পথে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় অন্য ছাত্রীদের মুখে বিষয়টি শুনে তাকে অফিস কক্ষে ডেকে এনে শাসন করেছি।’
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম আজ বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, ‘স্কুলছাত্রী মাহিয়ার বাবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, সরকারি প্রজ্ঞাপন ও নীতিমালা জারি করে অনেক দিন থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নিগ্রহ বন্ধের নানা চেষ্টা চলছে। ২০১১ সালে হাইকোর্ট শিশুদের শারীরিক শাস্তি দেওয়ার বিষয়টি বেআইনি এবং অসাংবিধানিক বলে ঘোষণা করে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয় আবার একটি পরিপত্রও জারি করে। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী শিক্ষার্থীদের হাত-পা বা কোনো কিছু দিয়ে আঘাত বা বেত্রাঘাত করা নিষিদ্ধ।