প্রাইভেট পড়তে যাওয়ার পথে শিশুকে ধর্ষণের অভিযোগ
খুলনার রূপসা উপজেলার একটি গ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে রূপসা থানায় মামলা করেছেন শিশুটির মা। পুলিশ শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে।
পুলিশ ও শিশুটির মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল সাতটার দিকে শিশুটি তাদের বাড়ির কাছে অপর একটি বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় ওই এলাকার মুসা সরদার (৫০) নামের একজন ওই শিশুর মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। ওই ঘটনা কাউকে না বলতে হুমকিও দেন তিনি। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে এসে তার মাকে সব ঘটনা জানায়। বেলা সাড়ে ১১টার দিকে ওই শিশুকে নিয়ে তার মা ও বাবা রূপসা থানায় গেলে সেখান থেকে তাকে দ্রুত ওসিসিতে পাঠানো হয়। বর্তমানে সেখানেই শিশুটি চিকিৎসাধীন।
মেয়েটিকে ধর্ষণ করার অভিযোগের বিষয়ে কথা বলার মুসা সরদারের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করা হয়েছে। মেয়েটির অবস্থা খারাপ হওয়ায় তাকে দ্রুত ওসিসিতে পাঠানো হয়েছে। সেখানেই মেয়েটির ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা চলছে।