প্রাইভেট পড়ে ফেরার পথে কিশোরীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ১
কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির এক ছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়েছে অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের পক্ষ থেকে আসামি সাইফুল মিয়াকে (২০) গ্রেপ্তারের কথা জানানো হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, মেয়েটির বাড়ি কুলিয়ারচরে। অভিযুক্ত তরুণ পেশায় ডিশ ব্যবসায়ী। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেয়েটি প্রাইভেট পড়ে বাড়িতে ফিরছিল। পথে মেয়েটির মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করেন সাইফুল। পরদিন রোববার মেয়েটির বাবা বাদী হয়ে কুলিয়ারচর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। র্যাব গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সাইফুলকে আটক করে ভৈরব ক্যাম্পে নিয়ে আসে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, সাইফুল মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।