প্রাণবন্ত উৎসবে দেশের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের সঙ্গে ভাষা প্রতিযোগ চট্টগ্রাম অঞ্চলের বিজয়ী শিক্ষার্থীরা। নগরের রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে গতকাল এইচএসবিসি-প্রথম আলোর আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো
অতিথিদের সঙ্গে ভাষা প্রতিযোগ চট্টগ্রাম অঞ্চলের বিজয়ী শিক্ষার্থীরা। নগরের রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে গতকাল এইচএসবিসি-প্রথম আলোর আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো

ব্যাংকে এসে এক গ্রাহক জমা রসিদে লিখলেন ‘পাঁচ লাখ টাকা মাত্র।’ পাশের এক ব্যক্তি এটা দেখে বিস্ময়ে মনে মনে ভাবলেন, পাঁচ লাখ টাকা যদি ‘মাত্র’ হয় তাহলে আমার ৫০০ টাকা কী হবে? পরে তিনি জমা রসিদে লিখলেন ‘পাঁচশত টাকা কিছুই না।’ এটি একটি গল্প। সাবরিনা মনসুর নামে এক প্রতিযোগীর টাকার পর ‘মাত্র’ লেখা হয় কেন—এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে এই গল্পের অবতারণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিক মনজুর।
এ রকম অনেক জিজ্ঞাসা, গল্প, গান, কবিতা, পরীক্ষা আর কথামালায় অনুষ্ঠিত হয়েছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ চট্টগ্রাম অঞ্চলের উৎসব। উৎসবে অংশগ্রহণকারী চট্টগ্রাম ও আশপাশের জেলার প্রায় সাত শ শিক্ষার্থী দেশ গড়ার শপথ নিয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরের রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এই উৎসব হয়।
সকালে চট্টগ্রামের বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন হাসপাতাল কলোনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উত্তম কুমার আচার্য। একই মঞ্চ থেকে ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন কবি সাংবাদিক আবুল মোমেন। এ সময় অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরই শিক্ষার্থীরা সংক্ষিপ্ত পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে শুরু হয় আকর্ষণীয় প্রশ্নোত্তর পর্ব। ভাষা প্রতিযোগের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুর পর্বটি সঞ্চালনা করেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কবি সাংবাদিক আবুল মোমেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মহম্মদ দানীউল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন। এ সময় উপস্থিত ছিলেন এইচএসবিসির ব্যবস্থাপক (করপোরেট সাসটেইনেবিলিটি) আবদুল্লাহ আল জুবায়ের।
শিক্ষার্থীদের নানা প্রশ্নে হাস্যরসের পাশাপাশি ভাবনায়ও পড়তে হয় অতিথিদের। যেমন অর্ঘ্য রায় নামে এক শিক্ষার্থী প্রশ্ন করে বসল ‘লেখক ও ঔপন্যাসিকের মধ্যে পার্থক্য কী’? তৌসিফ খান জানতে চাইল ‘“ক্ষ” বর্ণমালা থেকে বাদ গেল কেন?’ প্রভৃতি।
প্রশ্ন করে পুরস্কারও জিতেছে অনেকে। আবার কোনো কোনো প্রশ্নে হাসির রোলও পড়ে যায়। প্রশ্নের পাশাপাশি ছেলে ও মেয়েদের মধ্য থেকে গান ও আবৃত্তিও করেছে কেউ কেউ। শিক্ষার্থীরা মন দিয়ে শুনেছে অতিথিদের কথাও।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কবি সাংবাদিক আবুল মোমেন বলেন, ছাগল, বাঘ কিংবা অন্যান্য পশুপাখির মতো মানব সন্তান নিজে নিজে মানুষ হয় না। তাদের মানুষ করে তুলতে হয়। উন্নত মানুষ হওয়ার জন্য পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলি থাকতে হবে। নিজেকে সমকালীন রাখতে পড়তে হবে, জানতে হবে।
উৎসবে সংগীত পরিবেশন করেন ক্লোজ আপ ওয়ানখ্যাত শিল্পী সাব্বির। তাঁর কণ্ঠেও ছিল দেশবন্দনা। ‘এই মাটির বুকে ঘুমিয়ে আছে...’ গানটির সঙ্গে কণ্ঠ মিলিয়েছে উপস্থিত প্রতিযোগীরাও।
যারা পুরস্কার পেয়েছে: প্রতিযোগিতায় চারটি বিভাগে মোট ৬০ জনকে পুরস্কার দেওয়া হয়। প্রতি বিভাগ থেকে ১৫ জন করে (৫ জন প্রথম, ৫ জন দ্বিতীয় এবং ৫ জন তৃতীয়) এই পুরস্কার পায়। এর মধ্যে সেরাদের সেরা হয়েছে কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মোহাম্মদ ইজতিহাদ আবতাহী।
ক বিভাগে প্রথম পাঁচজন হলো: ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সায়মা সিদ্দিকা, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তাশফিয়া সিদ্দিকা ও নাজিফা তাজনূর, শাহীন ক্যাডেট স্কুলের তারেক আবরার এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ফুয়াদ মাহমুদ।
খ বিভাগে প্রথম হয়েছে: কলেজিয়েট স্কুলের তিন ছাত্র মোহাম্মদ ইজতিহাদ আবতাহী, আহমেদ সাওকী ও অতনু রায় চৌধুরী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের রুবায়েত হাসান চৌধুরী ও ইস্পাহানি পাবলিক স্কুলের নাজিবা মালিয়াত হোসাইন।
গ বিভাগে প্রথম হয়েছে: কাফকো স্কুল অ্যান্ড কলেজের অবনী কুণ্ড, বিএন স্কুল অ্যান্ড কলেজের সাবরিনা মনসুর, কুমিল্লা জিলা স্কুলের মোহাইমেন সিদ্দিকী, একই স্কুলের ইফতেখার ফাহিম ও ফেনী গার্লস ক্যাডেট কলেজের সাবিহা তাসিন।
ঘ বিভাগে চট্টগ্রাম কলেজের তিনজন প্রথম হয়। এরা হলেন তাহসিন সাদিয়া, সাদিয়া বিনতে নাছির ও শুভ্র চৌধুরী। এই বিভাগে প্রথম অপর দুজন হলো নোয়াখালী সরকারি কলেজের সানজিদা তাসনিম ও সিটি কলেজের হোমায়রা হুদা।
আজ কক্সবাজার অঞ্চলের ভাষা প্রতিযোগ: এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর কক্সবাজার অঞ্চলের উৎসব হবে আজ। কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে আটটায় উৎসব শুরু হবে, উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা।