প্রাণিসম্পদ রক্ষায় দরকার আধুনিক মুজিব কেল্লা

জেলায় প্রায় ১১ লাখ গবাদিপশু আছে। জোয়ার-জলোচ্ছ্বাসে গবাদিপশু নিরাপদে রাখার জন্য কমপক্ষে ৭৩টি কেল্লা দরকার।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা জেলার মানচিত্র

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট উঁচু জোয়ার ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে নাজিমুদ্দিন শতাধিক মহিষ নিয়ে নবনির্মিত আধুনিক মুজিব কেল্লায় আশ্রয় নিয়েছিলেন। এবার তাঁর কোনো ক্ষতি হয়নি। গত বছর ঘূর্ণিঝড় আম্পানের সময় তাঁর তিনটি মহিষ ভেসে গিয়েছিল।

নাজিমুদ্দিনের বাড়ি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের তেঁতুলিয়া নদীর মধ্যে জেগে ওঠা চর চটকিমারায়। নাজিমউদ্দিন বলেন, কেল্লায় তিনি ১১০টি মহিষ নিয়ে গিয়েছিলেন। এ ছাড়া চর চটকিমারার ১০ জন খামারির ২৫০টি মহিষ সেখানে ছিল। লোকজন সেখানে নিরাপদে ছিল। পাশাপাশি মহিষগুলোর কোনো ক্ষতি হয়নি।

এ বছর ক্ষতি না হওয়ার কারণ, চরে একটি আধুনিক মুজিব কেল্লা নির্মাণ করা হয়েছে। পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রামীণ জন-উন্নয়ন সংস্থার (জিজেইউএস) সহযোগিতায় এটি নির্মিত হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩২ লাখ টাকা। আধুনিক এই কেল্লার সুফল পেয়েছেন খামারিরা।

গত ২৮ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ার-জলোচ্ছ্বাসের কারণে ভোলায় বহু মানুষের গবাদিপশু ভেসে গেছে ও মারা গেছে। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, ইয়াসের প্রভাবে টানা ছয় দিনের (সোম-শনিবার) জোয়ার-জলোচ্ছ্বাসে আক্রান্ত হয়েছে ভোলার প্রায় ৬৫ হাজার গবাদিপশু ও হাঁস-মুরগি। মারা গেছে ৭ হাজার ৪১৪টি পশু ও হাঁস-মুরগি। খামারিদের ক্ষতি হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৬৮০ টাকা। তবে কৃষকদের দাবি, ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। গত বছর আম্পানে চরাঞ্চলে প্রায় দেড় হাজার গরু-মহিষ জোয়ারের পানিতে ভেসে গিয়েছিল।

ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের (চর চটকিমারা) সদস্য সিরাজুল ইসলাম বলেন, চর চটকিমারায় প্রায় চার হাজার গবাদিপশু চরে বেড়ায়। যেখানে ১২-১৩টি মুজিব কেল্লা দরকার, সেখানে চলতি বছর একটি মুজিব কেল্লা বানানো হয়েছে। চরে আরেকটি মাটির কেল্লা ছিল। সেটি জোয়ার-জলোচ্ছ্বাসে ক্ষয় হয়ে গেছে। কেল্লা না থাকার কারণে ইয়াসের প্রভাবে কমপক্ষে ৩০টি ছাগল-ভেড়া ভেসে মরে গেছে।

ভোলা জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, ভোলায় ৩৯টি মুজিব কেল্লা রয়েছে। এগুলো ১৯৭১-৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে নির্মিত হয়েছিল। যে কারণে এগুলোকে মুজিব কেল্লা বলা হয়। মাটির তৈরি এসব কেল্লা ঝড়-জলোচ্ছ্বাসে ক্ষয়ে সমতল ভূমিতে পরিণত হয়েছে। সাত-আট ফুট জোয়ার-জলোচ্ছ্বাসে এগুলো ডুবে যায়। জেলায় প্রায় ১১ লাখ গবাদিপশু আছে। জোয়ার-জলোচ্ছ্বাসে গবাদিপশু নিরাপদে রাখার জন্য কমপক্ষে ৭৩টি কেল্লা দরকার। বিশেষ করে ৭৪টি চরাঞ্চলে এসব গবাদিপশুর ৮০ শতাংশ চরে বেড়ায়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল বলেন, ভোলায় ৫০টি কেল্লা নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতিটি কেল্লার আওতায় তিন একর খাসজমি থাকবে। দুই একরের ওপর কেল্লা হবে। এক একরে গবাদিপশুর খাবার, পানি থাকবে।

ইন্দ্রজিৎ কুমার মণ্ডল আরও বলেন, বিগত সময়ে সরকারিভাবে নির্মাণ করা কেল্লা গবাদিপশু রক্ষায় কাজে আসছে না। সম্প্রতি বিশ্বব্যাংকের অর্থায়নে গ্রামীণ জন-উন্নয়ন সংস্থা একটি আধুনিক কেল্লা বানিয়েছে। সেটি আকারে ছোট হলেও ওই এলাকার খামারিদের কাজে আসছে।

খোঁজ নিয়ে জানা যায়, নবনির্মিত কেল্লাটি ভূমি থেকে সাত ফুট উঁচু। ইয়াসের প্রভাবে জোয়ার-জলোচ্ছ্বাসের পানি কেল্লায় প্রবেশ করেনি। আধুনিক এই কেল্লায় রাখালদের বাসস্থান, গভীর নলকূপ, শৌচাগার, সৌরবিদ্যুৎ, বজ্রনিরোধক দণ্ডসহ বর্জ্য ব্যবস্থাপনার কম্পোস্ট-পিট রয়েছে।

এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, ভোলায় প্রাথমিকভাবে ৩৮টি মুজিব কেল্লা নির্মাণ করা হবে। সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝেরচরে দুটি কেল্লার কাজ শুরু হয়েছে। এ দুটি কেল্লার নির্মাণ ব্যয় প্রায় পাঁচ কোটি টাকা।