প্রাথমিকের শিক্ষকেরাও অনুমতি ছাড়া বিদেশে
অনুমতি ছাড়াই বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত। তিনজন পাড়ি জমিয়েছেন বিদেশে। একজন ঢাকায় থেকে বেতন তুলছেন নিয়মিতই। এদিকে শিক্ষকের অভাবে পাঠদান বন্ধ হওয়ার উপক্রম।
ওই চার শিক্ষক পটুয়াখালীর বাউফল উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তাঁরা উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে রফা করে এ অনৈতিক সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ রয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগর তাতেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. আসমা ২০১২ সালের আগস্ট মাসে ছয় মাসের জন্য মাতৃত্বকালীন ছুটি নেন। পরের বছরের জানুয়ারিতে ছুটি শেষ হয়। কিন্তু এ পর্যন্ত তিনি কর্মস্থলে যোগ দেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহমান বলেন, দুইবার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলে আসমার স্বজনেরা তা গ্রহণ করেনি। খোঁজ নিয়ে জানা যায়, তিনি স্বামীর সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করছেন। আবদুর রহমান বলেন, বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষক থাকার কথা। এখন আছেন তিনজন। তাঁদের পক্ষে পাঁচটি শ্রেণিতে পাঠদান করা খুবই কষ্টকর।
এদিকে কালাইয়া ইউনিয়নের উত্তর কর্পূরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফৌজিয়া আফরিন ২০১৩ সালের অক্টোবর থেকে ও আবদুস সাদিক ২০১৫ সালের ২৫ জুলাই থেকে কোনো ধরনের অনুমতি ছাড়াই অনুপস্থিত। দুজনই তাঁদের পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন বলে খোঁজ নিয়ে জানা যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মূহিউদ্দিন বলেন, বিদ্যালয়ে শিক্ষক ছিলেন ছয়জন। ওই দুজনের অনুপস্থিতির পাশাপাশি গত জানুয়ারি থেকে একজন প্রশিক্ষণে গেছেন। ফলে বিদ্যালয়ে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।
এ ছাড়া উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবায়দা বেগম গত দুই বছর কর্মস্থলে অনুপস্থিত। তবে ঠিকই বেতন উত্তোলন করছেন। তিনি ঢাকায় অবস্থান করছেন বলে খোঁজ নিয়ে জানা যায়।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেন, উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে রফা করে শিক্ষক জোবায়দা বিদ্যালয়ে না গিয়েও নিয়মিত বেতন তুলছেন। এদিকে বিদ্যালয়ে সাতজন শিক্ষক থাকার কথা থাকলেও বাস্তবে এখন আছেন মাত্র একজন। ফলে পাঠদান প্রায়ই বন্ধ থাকে।
কোনো শিক্ষককে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রঙ্গলাল রায়। তিনি বলেন, শিক্ষকস্বল্পতা ও কর্মস্থলে অনেকের অনুপস্থিতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোল্লা মো. বখতিয়ার রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শিগগিরই প্রতিবেদন পাঠানো হবে।