আ.লীগ নেতার সাক্ষাৎকার
প্রার্থী মনোনয়নে ভুলের কারণে তাহিরপুরে নৌকার ভরাডুবি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গতকাল সোমবার সপ্তম ধাপে সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হয়েছে। এতে উপজেলার সব কটি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা পরাজিত হয়েছেন। সাতটির মধ্যে চারটিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ এবং তিনটিতে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপির নেতারা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাহিরপুর উপজেলায় নৌকার এমন পরাজয় নিয়ে প্রথম আলো কথা বলেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সঙ্গে।
প্রশ্ন :
প্রথম আলো: উপজেলার সব কটি ইউপিতে নৌকার হারের কারণ কী?
আবুল হোসেন খান: এই উপজেলায় আমাদের দলের অবস্থা ভালো। আমরা সবখানেই নৌকা জেতানোর চেষ্টা করেছি। কিন্তু প্রার্থী মনোনয়নে ভুলের কারণেই চেষ্টা থাকার পরও আমরা পারিনি। মূল কথা হলো, যোগ্য প্রার্থীরা মনোনয়ন পাননি। আমরা তৃণমুল থেকে যে তালিকা দিয়েছিলাম, সে অনুযায়ী প্রার্থী দিলে এই পরিস্থিতি হতো না। তৃণমুলের মতামত এখানে উপেক্ষিত হয়েছে। স্থানীয় নির্বাচনে দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা, পারিবারিক পরিচয়, মাঠের মানুষের সঙ্গে যোগাযোগের বিষয়টি গুরুত্ব পায়। কিন্তু যাঁদের মনোনয়ন দেওয়া হয়েছিল, তাঁদের অনেকের সেটা ছিল না। অনেকের নানা দুর্বলতা ছিল। দলীয় নেতা-কর্মী কিংবা সাধারণ মানুষের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল কম।
প্রশ্ন :
প্রথম আলো: ‘ভুল’ প্রার্থী মনোনয়নের বিষয় নিয়ে দলের জেলা কিংবা কেন্দ্রে কথা বলেননি?
আবুল হোসেন খান: আমরা উপজেলা থেকে তৃণমূল নেতা–কর্মীদের মতামত নিয়ে জেলা কমিটির কাছে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের একটি তালিকা দিয়েছিলাম। কিন্তু প্রার্থী ঘোষণার পর যখন দেখলাম দলের জনপ্রিয়, ত্যাগী নেতারা মনোনয়ন পাননি, তখন কেন্দ্রে যোগাযোগ করে দেখি, কেন্দ্রে আমাদের দেওয়া তালিকাই যায়নি। জেলাতে সেটা রদবদল হয়ে গেছে। পরে কেন্দ্রে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছি। কিন্তু কোনো ফল হয়নি। দলের বিদ্রোহী যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের নাম আমাদের তালিকায় ছিল। কিন্তু তাঁদের মনোনায়ন না দিয়ে কম জনপ্রিয় ও দলের নেতা–কর্মী এবং মাঠের সঙ্গে যাঁদের যোগাযোগ নেই, তাঁদেরই মনোনয়ন দেওয়া হয়। এটা কীভাবে হয়েছে, আমরা জানি না।
প্রশ্ন :
প্রথম আলো: অভিযোগ আছে নেতা-কর্মীদের অনেকেই নৌকার প্রার্থীদের সঙ্গে ছিলেন না?
আবুল হোসেন খান: এটা ঠিক নয়। প্রার্থী নিয়ে বিভিন্ন ইউনিয়নে ক্ষোভ ছিল, কিন্তু নৌকার বিপক্ষে কেউ কাজ করেননি। তবে বুঝতে হবে, যাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন, তাঁরাও কিন্তু দলের। অনেকেই দলীয় পদে আছেন। নেতা–কর্মীদের সঙ্গে তাঁদের তো যোগাযোগ আছে। আর যাঁরা নৌকা পেয়েছিলেন, তাঁদেরও দায়িত্ব নেতা-কর্মীদের ধরে রাখা। কিন্তু অনেকেই সেটা করেননি বা পারেননি।
প্রশ্ন :
প্রথম আলো: ‘বিদ্রোহী’ প্রার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন?
আবুল হোসেন খান: দলীয় পদে থেকে যাঁরা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন, আমরা উপজেলা থেকে তাঁদের বহিষ্কারের জন্য জেলা কমিটিতে সুপারিশ পাঠিয়েছিলাম। কিন্তু জেলা কমিটি থেকে আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। এটা তো তাঁদের দায়িত্ব ছিল। এ বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এটা জেলার নেতারাই ভালো বলতে পারবেন।
প্রশ্ন :
প্রথম আলো: উপজেলায় নৌকার এই শোচনীয় পরাজয় আগামীতে দলে কিংবা নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করেন?
আবুল হোসেন খান: কমবেশি প্রভাব তো পড়বেই। এখানে দল খুবই গোছানো ছিল। আমরা অনেক দিনের চেষ্ঠায় সেটা করেছিলাম। এই নির্বাচনে তো আমরা রাস্তা হারিয়ে ফেললাম। অনেকেই বিভ্রান্ত হয়েছেন, কিছু ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এখন আবার কাজ করতে হবে। দলকে আবার গোছাতে সময় লাগবে।