প্রার্থীর ভোটকেন্দ্রে নির্বাচনের দায়িত্বে স্ত্রী, চাপের মুখে সরানো হলো অন্যত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম মাদ্রাসা ভোটকেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ সারি
ছবি: প্রথম আলো

ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদে নির্বাচন করছেন স্বামী শওকত আলম তালুকদার আর ওই ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন স্ত্রী তাহমিনা আকতার। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী বিষয়টি জানতে পেরে নির্বাচন কর্মকর্তার কাছে যান। প্রার্থীদের চাপের মুখে ভোট গ্রহণ কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এ ঘটনা ঘটে।

আজ রোববার রাঙ্গুনিয়ায় ১৩ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের আগের দিন পোলিং কর্মকর্তা তাহমিনাকে বেতাগী ইউনিয়নের হাফেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পোলিং কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে অন্য কেন্দ্রে নেওয়া হয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হন শওকত আলম তালুকদারসহ চারজন। ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নিজ কেন্দ্রে পোলিং কর্মকর্তার দায়িত্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার তাহমিনা আকতারকে দেওয়া হয়। পরে তাহমিনার স্বামী শওকত আলমের প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে গতকাল শনিবার সকালে অভিযোগ দেন। সন্ধ্যার দিকে ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব থেকে অন্য কেন্দ্রে পোলিং কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়।

বেতাগী ৭ নম্বর ওয়ার্ডের এক প্রার্থী নুরুল আজম অভিযোগ করেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জেতাতে প্রার্থীর স্ত্রীকে ওই কেন্দ্রে পোলিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়। পরে আমরা তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর স্ত্রীকে ওই কেন্দ্র থেকে সরিয়ে নিতে অভিযোগ করি। অভিযোগের পরিপ্রেক্ষিতে পোলিং কর্মকর্তা তাহমিনা আকতারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বায়েজীদ আলম বলেন, ‘প্রার্থীরা অভিযোগ করায় ওই কেন্দ্রের পোলিং কর্মকর্তাকে সরিয়ে অন্য কেন্দ্রে দেওয়া হয়েছে। নির্বাচনে বেশিসংখ্যক ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা তৈরি ও বণ্টন হয়েছে, এত কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবে একটুআধটু ভুল হতেই পারে।’