প্রার্থীর মৃত্যুতে চালনা পৌর নির্বাচনে মেয়র পদের ফল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল খয়ের খান

নির্বাচন শেষ হওয়ার কিছু সময় আগে প্রার্থীর মৃত্যু হওয়ায় খুলনার চালনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফল স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন সোমবার রাতে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পরই করোনাভাইরাস ধরা পড়ে খুলনার চালনা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আবুল খয়ের খানের। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত আজ সোমবার বেলা সাড়ে তিনটায় হাসপাতালেই মারা যান তিনি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন বলেন, মেয়র পদের ফল নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে জানানো হবে।

বিএনপির প্রার্থীর নির্বাচনী এজেন্ট এবং চালনা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোজাফফর হোসেন বলেন, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ১ ডিসেম্বর খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন আবুল খয়ের। পরে ২৩ ডিসেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয় তাঁকে। আজ বেলা সাড়ে তিনটায় হাসপাতালেই মারা যান তিনি।

মোজাফফর হোসেন বলেন, কয়েক দিন আগে তাঁর করোনা নেগেটিভ এসেছে। তবে ফুসফুসে মারাত্মক সংক্রমণ হয়ে গিয়েছিল। প্রার্থীর মৃত্যুর শোকসংবাদ জানিয়ে চালনা পৌরসভায় মাইকিং হয়েছে।

করোনায় আক্রান্ত থাকা অবস্থায় তাঁর পক্ষে প্রচারণায় অংশ নেন দাকোপ উপজেলা, জেলা ও নগর বিএনপির নেতারা। নির্বাচনে অনিয়মের অভিযোগে সোমবার বেলা পৌনে দুইটায় ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি। দাকোপ উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের এই ঘোষণা দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান। এর দেড় ঘণ্টা পরই প্রার্থীর মৃত্যুর খবর আসে।