প্রায় দুই বছর থেকে টেলিফোন নষ্ট, প্রতি মাসে দিতে হচ্ছে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারাগঞ্জ ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের সংযোগগুলোর অধিকাংশ সারা বছর বিকল থাকে
ছবি: প্রথম আলো

রংপুরের তারাগঞ্জ উপজেলার অনেক সরকারি কার্যালয়ের টেলিফোনগুলো প্রায় দুই বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এরপরও প্রতি মাসে বিল দিতে হচ্ছে। এদিকে টেলিফোন না করতে করতে অনেক সরকারি কর্মকর্তা তাঁদের কার্যালয়ের টিঅ্যান্ডটি ফোন নম্বরটি ভুলতেও বসেছেন।

উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ‘দুই বছর থেকে টেলিফোনের শব্দ কানে আসেনি। টেলিফোন বিভাগের লোকজনেরও দেখা মেলে না। প্রয়োজনীয় কাজ মুঠোফোনেই সারছি। অথচ প্রতি মাসে মিনিমাম বিল দিচ্ছি।’ ওই কর্মকর্তার সঙ্গে কথা শেষ না করতেই এগিয়ে আসেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা কহিনুর আক্তার। তিনি বলেন, ‘ভাই টেলিফোনের কথা আর বলিয়েন না। এখানে আসছি থেকে টেলিফোনে কোনো কথা বলতে পারিনি। লাইন ও সেট দুটিই খারাপ। কথা না বললেও বিল দিচ্ছি।’

তারাগঞ্জ ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০০৬ সালে কোটি টাকা ব্যয়ে উপজেলা সদরে দুই একর জমির ওপর অবস্থিত উপজেলা টেলিফোন এক্সচেঞ্জটি ডিজিটাল হিসেবে উন্নীত করা হয়। এ এক্সচেঞ্জের মাধ্যমে সংযোগের ক্ষমতা রয়েছে ৫০০টি, কিন্তু বর্তমানে উপজেলার সব সরকারি-বেসরকারি কার্যালয়, আবাসিক এলাকাসহ মোট সংযোগ রয়েছে ৪৭টি। এসব সংযোগ বছরের অধিকাংশ সময় নানা কারণে বিকল থাকে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেনের কার্যালয়ের টেবিলে চকচকে একটি টেলিফোন সেট। প্রতিদিন অফিস আসার আগে মুছে পরিষ্কার করা হয় সেটটি। টেলিফোন সচল কি না জানতে চাইলে তিনি জানান, তিনি তারাগঞ্জে যোগদানের পর থেকে কোনো দিন এ টেলিফোন দিয়ে কাউকে কল করতে পারেননি। কখনো টেলিফোন সেটটিতে কলও আসেনি। শুধু টেবিলের শোভাবর্ধণের জন্য সেটটি রাখা।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের নিচে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ওই দপ্তরে গিয়ে সমাজসেবা কর্মকর্তাকে পাওয়া যায়নি। ওই দপ্তরের সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন জানান, স্যার মিটিংয়ে আছেন। মাঝেমধ্যে টেলিফোন বিভাগের লোকজন আসে, ফোন ঠিকঠাক করে। দুই দিন চলার পর আবার ফোন অচল হয়ে পড়ে। ফোনে কোনো কথা-বার্তা শোনা যায় না। সারা বছরই নষ্ট থাকে।

উপজেলা ভারপ্রাপ্ত আনসার–ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের টেলিফোন সংযোগটিও দীর্ঘদিন ধরে নষ্ট। ওই দিন বেলা আড়াইটার দিকে ওই কার্যালয়ে গিয়ে দেখা যায়, আনসার–ভিডিপি কর্মকর্তা রাশেদা খানম চেয়ারে বসে মুঠোফোনে কথা বলছেন। টেলিফোনের অবস্থা কী, জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘টেলিফোন আছে সে কথা ভুলে গেছি। আপনি মনে করে দিলেন। এক বছর থেকে টেলিফোন সংযোগ নেই। সেটটিও নষ্ট হয়ে গেছে। তাই কার্যালয়ের ড্রয়ারে রেখেছি, কিন্তু প্রতিমাসে টেলিফোন বিল দেওয়া লাগে।’

দেড় বছর ধরে নষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের টেলিফোনটিও। ওই দিন বেলা তিনটায় ওই কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, কক্ষের ভেতরে বাতি জ্বলছে। এখানে একটি টেলিফোন সেট থাকার কথা থাকলেও তা চোখে পড়েনি। সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, ‘দুই বছর ধরে এখানে চাকরি করছি। এক দিনও টেলিফোনের শব্দ কানে আসেনি। সংযোগ নষ্টের কারণে টেলিফোন সেটটি কে কোথায় রেখেছে, তা–ও বলতে পারছি না। ফোন নম্বরটিই ভুলে গেছি।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুয়ারা বেগমকেও ওই দিন বেলা সাড়ে তিনটায় তাঁর কার্যালয়ে পাওয়া যায়নি। অফিস সহকারী সুলতান হোসেন জানান, স্যার জরুরি কাজে বাইরে গেছেন। ১০ মাসেও এক দিন এই টেলিফোন বাজেনি। যেদিন টেলিফোন কার্যালয়ের লোকজন বিল দিতে আসে, সেদিন ঠিক করে দিয়ে যায়। পরের দিন আবার সংযোগ নষ্ট হয়ে যায়। কথা শোনা যায় না, কলও আসে না।

শিক্ষা কর্মকর্তার পাশেই উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়। জানতে চাইলে জুনিয়র পরিসংখ্যান সহকারী মাহাবুব আলম বলেন, ‘টেলিফোন সংযোগ সারা বছর নষ্ট থাকে। পাঁচ-ছয় মাস পরপর বিলের কাগজ নিয়ে এসে বিল নিয়ে যায়। টেলিফোন ঠিক করার কথা বললে ঢাকার ফোন নম্বর দেয়। টেলিফোনে কথা না হলেও তাঁদের টাকা দিতে হয়। এ জন্য সংযোগ বিচ্ছিন্ন করেছি।’

উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের টেলিফোনটিও দুই বছর ধরে অচল হয়ে পড়ে আছে। ওই অফিসের কম্পিউটার অপারেটর ভূপতি চন্দ্র রায় জানান, ফোনে কথা আসে না, কথা শোনা যায় না। খালি শোঁ শোঁ শব্দ করে। ওই জন্য রাগ করে সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এস এ এম শরিফ আহম্মেদ আবদুল্লাহ বলেন, ফায়ার সার্ভিস স্টেশনে সব ধরনের মানুষ ফোন করেন। এখানে গুরুত্বপূর্ণ টেলিফোন নম্বরটি দীর্ঘ আড়াই বছর ধরে বন্ধ। সরকারি জিনিস দিনের পর দিন এভাবে বিকল হয়ে আছে। টেলিফোন নষ্ট থাকলেও বিল গুনতে হয়। সংযোগটি সচল করলে এলাকার লোক উপকৃত হতো।

তারাগঞ্জ ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জের জুনিয়র লাইনম্যান আবদুর রাজ্জাক সরকার জানান, সব সংযোগ নয়, ১৭টি সংযোগ নষ্ট আছে। বাকিগুলোতে টেলিফোন সেটগুলো পরিবর্তন করলে তাঁরা কথা বলতে পারবেন।

জানতে চাইলে টেলিকম বিটিসিএল রংপুরের ব্যবস্থাপক আজিজুল ইসলাম আজ শুক্রবার মুঠোফোনে বলেন, ‘তারাগঞ্জের টেলিফোন এক্সচেঞ্জের সমস্যা আমার নজরে আছে। বিষয়টি নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, খুব শিগগির সমস্যা সমাধান হয়ে যাবে।’