প্রিয় অনুজ.. ছিলাম, আছি, থাকব পাশে

গত রমজানের প্রথম সপ্তাহে মুঠোফোনে একটি বার্তা এল। করোনা সংকটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একজন ছাত্র নিজের আর্থিক সংকটাপন্ন অবস্থার কথা জানিয়ে সহায়তা চেয়ে খুদে বার্তাটি পাঠিয়েছে।
বার্তাটি হলো এমন- 'আমি প্রাণিবিদ্যা বিভাগে অধ্যয়নরত। আমার গ্রামের বাড়ি ফরিদপুর। আমি আমার পরিবার নিয়ে চট্টগ্রামে এক ভাড়া বাসায় থাকি। আমার পরিবারে ৫ জন সদস্য; মা, বাবা, ছোট দুই ভাই আর আমি। আমার বাবা আগে দিন মজুরের কাজ করতো, ৬/৭ মাস যাবত অসুস্থতার কারণে কাজ করতে পারে না। আমি টিউশন করেই মুলত আমার পরিবারের ব্যয় বহন করতাম। কিন্তু ২ মাস যাবত করোনা ভাইরাসের জন্য লক ডাউন দেয়ার কারণে টিউশন করাতে পারছি না। বাসা ভাড়া দিতে পারছি না, খাওয়া খরচও নেই। যদি এই বিপদের সময় পাশে দাড়াতেন, খুবই উপকার হতো।'
এই খুদে বার্তাটি পাওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'ব্যাচ-৩১ ক্লাব' এর পক্ষ থেকে ওই শিক্ষার্থীর সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়। এক দিনের মধ্যে তাঁকে আর্থিক সহায়তা দিয়ে তাৎক্ষণিকভাবে বিপদ থেকে উদ্ধার করা হয়।
এপ্রিল মাসের শেষ সপ্তাহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচ-৩১ ক্লাবের পক্ষ থেকে 'প্রিয় অনুজ' নামে একটি মানবিক কর্মসূচি চালু করা হয়। 'ছিলাম আছি থাকব পাশে, আনন্দ, উৎসব কিংবা সংকটে' এই শ্লোগান নিয়ে কর্মসূচিটি চালু হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যারা করোনার কারণে সংকটে পড়েছেন, তাদের আর্থিক ও অন্যান্য সহায়তা দিতে প্রাক্তনেরা এভাবে পাশে দাড়ানোর উদ্যোগ নেয়। পাঁচটি নম্বর চালু করা হয়। নম্বরগুলো হলো-০১৭১১৫০৬২৪৮, ০১৬১২৫৪৮১২৪, ০১৮১৯৯৬৫১৭২, ০১৭৫৫৬৯৪০৮০ ও ০১৮১৭৭৪৫৮৯৪। ২০১০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ সেশনের সাবেক শিক্ষার্থীরা এই সংগঠনটি গড়ে তুলেছেন।
গত দেড় মাসে ৬০ জনের বেশি বর্তমান শিক্ষার্থীতে নগদ অর্থ সহায়তা দিয়েছে। সবাইকে এককালীন ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে তাদের আরও সহায়তা দেওয়া হবে। প্রিয় অনুজ কর্মসূচিটি চলছে।
চট্টগ্রামের অনেক শিক্ষার্থী টিউশনি, খণ্ডকালীন চাকরি বা অন্য কোন সৃষ্টিশীল কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। অনেক ক্ষেত্রে তাদের এই আয়ের ওপর পুরো পরিবার নির্ভরশীল। 'ব্যাচ-৩১ ক্লাব' এমন বিপন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাই 'প্রিয় অনুজ' তহবিলে আর্থিক সহায়তা দিচ্ছেন।
ক্লাবের সহসভাপতি ও পরিসংখ্যান বিভাগের প্রাক্তন ছাত্র মোহাম্মদ ইউছুফ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া গরিব ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা এই করেনা সংকটে সবচেয়ে বেশি বিপদে পড়েছে। প্রাক্তন শিক্ষার্থী আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এই চিন্তা থেকে আমরা প্রিয় অনুজ কর্মসূচিটি চালু করেছি। যতদিন করোনা সংকট থাকবে, ততদিন এই কর্মসূচি চলবে।
ব্যাচ-৩১ ক্লাবের প্রিয় অনুজ কর্মসূচির মতো মানবিক উদ্যোগের জন্য গত ১৯ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরিন আখতার ক্লাবের নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন। প্রিয় অনুজ- এর মতো মানবিক কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বিভিন্ন বিভাগের পক্ষ থেকে একই ধরনের কর্মসূচি চালু করেছে। সেখানে ক্লাবের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
ব্যাচ-৩১ ক্লাবের পক্ষ থেকে 'পাশে আছি' নামের আরেক কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যে সারা দেশের বিভিন্ন প্রান্তে প্রায় দেড় হাজার পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা সহায়তা দেওয়া হয়েছে। চট্টগ্রামভিত্তিক এই ক্লাবের ঢাকা ও কুমিল্লায় আলাদা কার্যালয় আছে।