প্রিয়জনের সান্নিধ্যের কাছে পরাজিত ভোগান্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপরিবহন সংকট, ঠাসাঠাসি ভিড় ঠেলে বৃষ্টি মাথায় নিয়ে কাক ভেজা হয়ে শেষমুহুর্তে বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখো মানুষ। সব ভোগান্তিকে ম্লান করেও প্রিয়জনের সঙ্গে ঈদ করার জন্য শহর ছাড়ছে মানুষ। এর ফলে ফাঁকা হয়ে গেছে চট্টগ্রাম নগর। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে নগরের বটতলী রেলওয়ে স্টেশন ছাড়াও নগরের বিভিন্ন বাস টার্মিনাল ছিল লোকে লোকারণ্য। সকালে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, পাহাড়িকা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেন নিজ নিজ গন্তব্যর উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে অতিরিক্ত যাত্রী নিয়ে।
সরেজমিনে দেখা যায়, প্রভাতী এক্সপ্রেসের প্রায় প্রতিটি বগিতে দাঁড়ানো রয়েছে শত শত নারী-পুরুষ। এ ছাড়া ছাদেও ছিল যাত্রী। তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে দাঁড়িয়ে যাওয়ার (স্ট্যান্ডিং) টিকিট। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ছাদে বসে গন্তব্যে ছুটছেন মানুষ। একই অবস্থা দেখা গেছে বিজয় এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনেও। এই দুটি ট্রেন প্রায় ৩০ মিনিট বিলম্বে চট্টগ্রাম ত্যাগ করে।
বিকেলে মহানগর গোধূলির এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেনেও ছিল যাত্রীদের ঠাসাঠাসি ভিড়। ট্রেনের ছাদে করে বাড়ি ফেরা শামসুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, ‘ভেতরে দাঁড়ানোর জায়গা নেই। তাই ছাদে করে বাড়ি ফিরছি। কিছু করার নেই।’
বটতলী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ যাত্রী বেশি হওয়ার কথা স্বীকার করে বলেন, আমরা যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। বগি বাড়িয়ে অধিক যাত্রীকে পৌঁছে দিতে আমরা সচেষ্ট।
এদিকে, ট্রেনের পাশাপাশি নগরের বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের অত্যধিক চাপ লক্ষ্য করা গেছে। নগরের কদমতলী বাস টার্মিনাল ও দামপাড়া বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা গেছে টিকিটের জন্য হন্য হয়ে ঘুরছে বাড়ি ফিরতে ইচ্ছুক মানুষজন। কিন্তু গাড়ি সংকটের কারণে হতাশ হতে হয়েছে অনেককে।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ঈদ করতে যেতেও পরিবহন সংকটে পড়েছেন সাধারণ মানুষ। চট্টগ্রাম থেকে ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, আনোয়ারা, পটিয়া, রাউজান, সাতকানিয়া, লোহাগাড়া যাওয়ার জন্য বহদ্দারহাট বাস টার্মিনাল, কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা, অক্সিজেন মোড়ে মানুষের ভিড় ছিল উপচে পড়া।
কিন্তু যাত্রীর তুলনায় বাসের সংখ্যা ছিল স্বভাবতই কম। এই সুযোগে কয়েকটি পরিবহন টিকিটের মূল্যও বাড়িয়ে দেয় বলে অভিযোগ রয়েছে যাত্রীদের। ইচ্ছামতো ভাড়া নিয়েছে এমন অভিযোগ করেছেন একাধিক যাত্রী।
চট্টগ্রাম থেকে পটিয়ায় ২০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাসেল নামে এক যাত্রী। স্বাভাবিক সময়ে এই ভাড়া ১৫ টাকা। রাসেল বলেন, কি করব, এটা মেনে নিতে হচ্ছে।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, তিন দিন ধরেই যাত্রীর চাপ বেশি। মানুষ যেভাবে পারছে সেভাবে বাড়ি ফিরছে। বাসের সংকট মেটাতে আমরা শহর এলাকার বাসও কয়েকটি উপজেলা রুটে দিয়েছি। দু-একজন কয়েক টাকা বেশি ভাড়া দাবি করলেও করতে পারে।
এদিকে, ঈদে বাড়ি ফেরার কারণে চট্টগ্রাম নগর এখন অনেকটা ফাঁকা। কোথাও কোনো যানজট নেই। মানুষের মতো কমে গেছে যানবাহনও।