প্রেমিককে ইনজেকশন দিয়ে অজ্ঞান, পরে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে নিখোঁজের তিন দিন পর দন্তচিকিৎসকের চেম্বার থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে ঘোড়াশাল বাজার এলাকার ওই চেম্বার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণের নাম মীর মাইনুল হক (২০)। তিনি ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় শনিবার রাতেই ইসরাত জাহান (২০) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, ইসরাত জাহান নিহত মাইনুলের প্রেমিকা। মাইনুলের ভাইয়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসরাত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন জানিয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, যে চিকিৎসকের চেম্বারে মাইনুলের মরদেহ পাওয়া গেছে, তিনি সেখানকার কর্মচারী ছিলেন। ইসরাত একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তাঁদের মধ্যে কয়েক বছর ধরেই প্রেম ছিল। সে সম্পর্ক ভাঙলে গত বছরের মাঝামাঝিতে অন্য একজনকে বিয়ে করেন ইসরাত। তবে সেটিও ভেঙে গেলে মাস তিনেক ধরে মাইনুলের সঙ্গে তাঁর যোগাযোগ শুরু হয়। ৬ ফেব্রুয়ারি শ্রাবন্তী আক্তার নামের এক নারীকে মাইনুল বিয়ে করেন। এতে ক্ষুব্ধ হন ইসরাত। এরপর বৃহস্পতিবার মাইনুলের সঙ্গে ওই চেম্বারে দেখা করেন তিনি। সেখানে কৌশলে মাইনুলের ঘাড়ে চেতনানাশক ইনজেকশন পুশ করে তাঁকে অজ্ঞান করেন ইসরাত। ছুরি দিয়ে তাঁর গলা কেটে হত্যার পর ওই চেম্বারে তালা লাগিয়ে পালিয়ে যান। পরে ছুরি, মোবাইল ফোন ও সিরিঞ্জ পাশের শীতলক্ষ্যা নদীতে ফেলে দেন।

নিহত মাইনুলের স্ত্রী শ্রাবন্তী আক্তার বলেন, ‘নিখোঁজের পর প্রথমে ভেবেছিলাম, গোপনে বিয়ে করায় আমার বাবা ও ফুফা হয়তো তাঁর কোনো ক্ষতি করে থাকতে পারেন। পুলিশকে সেই সন্দেহের কথা জানিয়েছিলাম। তদন্ত শুরুর পর পুলিশ তাঁর কর্মক্ষেত্র অর্থাৎ ওই ডেন্টাল চেম্বারেও গিয়েছিল। তবে তা বাইরে থেকে তালাবদ্ধ থাকায় কোনো সন্দেহ হয়নি। কার কার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, স্থানীয়ভাবে ও প্রযুক্তির সহায়তায় সে তথ্য সংগ্রহ করে পুলিশ। এরপরই ইসরাতের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি জানা যায়।’

চেম্বারটিতে রোগী দেখেন চিকিৎসক শিহাবুল হক। তিনি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। শিহাবুল জানান, সপ্তাহে দুই দিন তিনি ওই চেম্বারে রোগী দেখেন। বাকি দিনগুলোতে চেম্বারটি বন্ধ থাকে। এর চাবি তাঁর আর মাইনুলের কাছেই থাকে। শনিবার বিকেলে চেম্বারের দরজা খুলে ভেতরে ঢুকেই মাইনুলের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

ওসি মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই সাইদুর মীর বাদী হয়ে গত রাতেই পলাশ থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ইসরাত জাহানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।