প্রেমের টানে ভারতীয় কিশোরী বাংলাদেশে, অনুপ্রবেশের অভিযোগে আটক
প্রেমের টানে অবৈধ পথে বাংলাদেশে এসে পুলিশের হাতে আটক হয়েছে ভারতীয় এক কিশোরী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া এলাকার একটি বাড়ি থেকে ওই কিশোরীকে আটক করে থানায় নিয়ে আসে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ।
পুলিশের ধারণা, গতকাল বুধবার দিবাগত রাতে তেঁতুলিয়া সীমান্তের অপর প্রান্তে ভারতের মুড়িখাওয়া এলাকা থেকে মহানন্দা নদী পার হয়ে ওই কিশোরী বাংলাদেশে অনুপ্রবেশ করে। সে ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়াল পুকুর থানার হারিয়ানি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ওই কিশোরীকে আটকের খবর পেয়ে বেলা দেড়টার দিকে তেঁতুলিয়া থানায় হাজির হন আবদুল লতিফ ওরফে রকিব (২১) নামের এক তরুণ। তাঁর জন্যই ওই কিশোরী দেশ ছেড়ে বাংলাদেশে এসেছে বলে দাবি করেন তিনি। তাঁরা দুজন বিয়ে করেছেন দাবি করে এ সময় ওই কিশোরীকে ছেড়ে দিতে কান্নাকাটি করতে থাকেন ওই তরুণ। আবদুল লতিফ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রতনদিঘী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার দিবাগত রাতে ভারতের মুড়িখাওয়া এলাকা থেকে মহানন্দা নদী পার হয়ে তেঁতুলিয়ায় প্রবেশ করে সর্দারপাড়া গ্রামের হাসিনুর রহমানের বাড়িতে যায় ওই কিশোরী। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তেঁতুলিয়া মডেল থানার পুলিশকে খবর দেয়। এরপর আজ দুপুরে হাসিনুরের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ খবর পেয়ে বেলা দেড়টার দিকে তেঁতুলিয়া থানায় গিয়ে হাজির হন আবদুল লতিফ।
নিজেকে ওই কিশোরীর স্বামী দাবি করে আবদুল লতিফ পুলিশকে বলেন, কয়েক বছর আগে ভারতে পালিয়ে গিয়ে দেশটির কেরালা রাজ্যের একটি খাবারের হোটেলে কাজ নেন তিনি। সেখানে ওই কিশোরীর বড় ভাইয়ের সঙ্গে কাজ করতেন। সেই সুবাদে ওই কিশোরীর বাড়িতে যাতায়াত করতেন। এক বছর আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন মাস আগে তাঁরা ভারতে লুকিয়ে বিয়েও করেছিলেন। সম্প্রতি আবদুল লতিফ বাংলাদেশে চলে আসেন। এরপর তাঁর টানেই বাংলাদেশে অনুপ্রবেশ করে ওই কিশোরী।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া প্রথম আলোকে বলেন, ‘ওই কিশোরী ও বাংলাদেশি তরুণ ভারতে বিয়ে করেছেন বলে দাবি করলেও কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া দুজনের কেউ কোনো পাসপোর্ট–ভিসাও দেখাতে পারেননি। মেয়েটির বয়স কম হওয়ায় আমরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথা বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এ ছাড়া থানায় আসা বাংলাদেশি তরুণকে তাঁর মা–বাবার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।’
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, পুলিশের হাতে আটক হওয়া ওই কিশোরীর বিষয়ে আজ সন্ধ্যায় তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ ভারতীয় পুলিশের মাধ্যমে ভেরিফিকেশন করে আগামীকাল শুক্রবার সকালের মধ্যে ওই কিশোরীকে ফিরিয়ে নেবে বলে বৈঠকে আশ্বস্ত করেছে।