প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে কটূক্তি ও পরিবারকে হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে কটূক্তি ও তাঁর পরিবারের সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন। শনিবার বিকেলে উপজেলার বামরাইল বাসস্ট্যান্ডে
ছবি: প্রথম আলো

বরিশালের উজিরপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে কটূক্তি ও তাঁর পরিবারের সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা ও  প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। প্রতিবাদে আজ শনিবার বিকেলে উপজেলার বামরাইল বাসস্ট্যান্ডে মানববন্ধন ও সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

আজ বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে এই কর্মসূচিতে উপজেলার বামরাইল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার হায়দার শরীফ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বরিশাল-২ আসনের সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা ওয়াদুত সরদার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সরদার, বীর মুক্তিযোদ্ধা জহিরুল আলম শরীফ, আয়নাল হক হাওলাদার, আবদুল আউয়াল হাওলাদার, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরদারের ছোট ভাই আলমগীর হোসেন সরদার, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি উৎপল চক্রবর্তী, বামরাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরিফ শরীফ প্রমুখ।

স্থানীয় লোকজন ও পরিবার সূত্রে জানা গেছে, পশ্চিম বামরাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরদারের সঙ্গে একই গ্রামের জামাল সরদার ও জালাল সরদারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১৯ মে সন্ধ্যায় শাহজাহান সরদার নিজ বাড়িতে মারা যান। লাশ পারিবারিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী রাত ১০টার দিকে স্থানীয় প্রশাসন রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফনের প্রক্রিয়া শুরু করে। এতে বাধা দেন জামাল সরদার ও জালাল সরদারের লোকজন। এ নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে লাশ দাফনের পর শাহজাহানকে নিয়ে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন কটূক্তিমূলক কথা বলেন। প্রতিবাদ করলে তাঁর পরিবারের লোকজনকে গালিগালাজ করেন তাঁরা।

গতকাল শুক্রবার বিকেলে বামরাইল বাসস্ট্যান্ডে জালাল সরদার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহজাহানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তখন বিষয়টির প্রতিবাদ করলে স্থানীয় একাধিক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করেন জালাল ও তাঁর লোকজন। শাহজাহান সরদারের ছেলে রুবেল সরদার, সোহেল সরদার, রিপন সরদার ও মেয়ে সাজেদা বেগমকে প্রাণনাশের হুমকি দেন তাঁরা। ২৩ মে শাহজাহানের পরিবারের সাতজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে।

এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাস বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।