প্রয়াত লেখিকার স্মরণে চিঠি পাঠ, তারপর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রয়াত কথাসাহিত্যিক ফাহমিদা আমিনের স্মরণসভা ছিল গতকাল শনিবার। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত ওই স্মরণসভায় প্রয়াত লেখিকার উদ্দেশে লেখা চিঠি পাঠ করেন আরেক লেখিকা জেসমিন খান। এর কিছুক্ষণ পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ও প্রফেসর মোহাম্মদ খালেদ ফাউন্ডেশন এই স্মরণসভার আয়োজন করে। গত ১৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ফাহমিদা আমিন মারা যান।

স্মরণসভায় উপস্থিত সাংবাদিক আরিফ রায়হান প্রথম আলোকে বলেন, শনিবার সন্ধ্যায় স্মরণসভা শুরুর পর ফাহমিদা আমিনের উদ্দেশে লেখা একটি চিঠি পাঠ করেন লেখিকা জেসমিন খান। চিঠি পাঠ শেষে তিনি অতিথির আসনে গিয়ে বসেন। এরপর কয়েকজন অতিথি বক্তব্য দেন। কিছুক্ষণ পর জেসমিন খান অসুস্থবোধ করছেন বলে জানান। পরে সেখানে উপস্থিত চিকিৎসক মইনুল ইসলাম মাহমুদসহ কয়েকজন তাঁকে চেরাগী পাহাড় মোড়ের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সদ্য প্রয়াত জেসমিন খানের বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোসলেম খানের স্ত্রী।

জেসমিন খানের বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে লেখালেখি করতেন।