প্লাস দিয়ে তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে প্লাস দিয়ে তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে সাজিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে পৌর এলাকার শাহেদনগর ব্যাপারী পাড়ার জামে মসজিদের অজুখানার ছাদে এ ঘটনা ঘটে। মারা যাওয়া সাজিব পৌর এলাকার সয়াগোবিন্দ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নির্মাণশ্রমিকেরা কাজ করতে এসে মসজিদের অজুখানার ছাদে ওই যুবকের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। অজুখানার ছাদে বৈদ্যুতিক তার প্লাস দিয়ে কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তার কাটার কাজে ব্যবহৃত প্লাস উদ্ধার করা হয়েছে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, ইতিমধ্যে রাতের অন্ধকারে একাধিকবার মসজিদের বিদ্যুৎ–সংযোগের তার চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এবারও মসজিদের বিদ্যুৎ–সংযোগের তার চুরি করে নেওয়ার সময় ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের হাতের নখে ও কপালে কালো দাগ রয়েছে।