পড়ার পাশাপাশি আত্মরক্ষার কৌশল শিখছে সুবিধাবঞ্চিত মেয়েগুলো
কক্সবাজার সমুদ্রসৈকতে একসময় শামুক-ঝিনুকের পণ্য বিক্রি করত কিশোরী তানিয়া আকতার (১৪)। তবে করোনা মহামারিতে পর্যটকের আনাগোনা বন্ধ হয়ে গেলে ব্যবসা অচল হয়ে যায়।
তানিয়ার বাবা অসুস্থ। তাই পরিবারে তেমন কোনো আয়–রোজগার নেই। বিকল্প আয়ের পথ বের করতে বন থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে সেগুলো বিক্রি শুরু করে সে। তবে মাসখানেক ধরে তার পরিচয় পাল্টে গেছে। সে এখন কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি এখন সে আত্মরক্ষার্থে তায়কোয়ান্দো শিখছে।
করোনার এ সময় তানিয়ার মতো ২১ জন সুবিধাবঞ্চিত শিশুর পাশে দাঁড়িয়েছে পালস-বানি একাডেমি। তাদের থাকা, খাওয়া, পড়াশোনা, প্রশিক্ষণ—সবকিছু বিনা মূল্যে দিচ্ছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের ১ মার্চ থেকে ফরাসি বেসরকারি উন্নয়ন সংস্থা বানি স্ট্রিট একাডেমি ও কক্সবাজারের বেসরকারি উন্নয়ন সংস্থা পালসের যৌথ উদ্যোগে মানবিক সেবার এ কার্যক্রম শুরু হয়।
কক্সবাজার শহরের বাইপাস সড়ক এলাকায় পালস-বানি একাডেমির খেলার মাঠ। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায়, সাদা পোশাকে একদল ছেলেমেয়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ নিচ্ছে। সবার সামনে তানিয়া আকতার ও রিয়া মনি। তারা একে অন্যকে হাত ও পা দিয়ে আঘাত করছে। আর পেছনে দাঁড়িয়ে অন্যশিশুরা তা রপ্ত করছে।
তানিয়া বলে, ‘সৈকত ও অন্য জায়গায় বখাটে ছেলেরা প্রায়ই মেয়েদের উত্যক্ত করে। মেয়েরা হয়রানির শিকার হয়। আমি নিজেও এ রকম পরিস্থিতির শিকার হয়েছি। কিন্তু এখন আত্মরক্ষার কৌশল শিখেছি। এখন একসঙ্গে তিন-চারজন ছেলেকে থামিয়ে দেওয়া কোনো ব্যাপার না।’
একই কথা জানাল দশম শ্রেণির শিক্ষার্থী রিয়া মনি। সে বলে, এখন এ ধরনের হয়রানি প্রতিরোধ ও প্রতিবাদ—দুটোই করার আত্মবিশ্বাস আছে তার। রিয়ার স্বপ্ন পড়াশোনা শেষে প্রকৌশলী হবে। তবে তার আগে স্কুলে গিয়ে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে চায় সে।
এ শিশুরা একসময় সৈকতে শামুক-ঝিনুকের তৈরি পণ্য, চা-বিস্কুট, বাদাম, চানাচুর কিংবা আচার বিক্রি করত। তবে এখন তারা পড়াশোনা শিখে নতুন জীবনের স্বপ্ন দেখছে।
পালস-বানি একাডেমির নির্বাহী পরিচালক আবু মোর্শেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত ২১ শিশুকে নিয়ে কার্যক্রম চলছে। তারা এখানে পড়াশোনা ও আবাসিক সুবিধার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও আত্মরক্ষার কৌশল শিখছে। কিছুদিনের মধ্যে আরও ২৭ শিশুকে এখানে ভর্তি করা হবে।
প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক রাশেদুল ইসলাম বলেন, গত ১ মার্চ থেকে এ প্রকল্প শুরু হয়েছে। শহরের দুর্গম এলাকা থেকে পথশিশুদের খুঁজে বের করে স্কুলে আনা হচ্ছে। লেখাপড়ায় ভালো করলে তাদের বিদেশে পড়াশোনার ব্যবস্থাও রাখা হয়েছে। স্কুলে ভর্তি, পড়াশোনা ও প্রশিক্ষণের বিপরীতে কোনো টাকা নেওয়া হচ্ছে না।