পড়াশোনা ছেড়ে কাজে, শিকার বাল্যবিবাহেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
ছবি: প্রথম আলো

করোনা মহামারি না এলে এত দিনে এসএসসি পাস করে ফেলত সাগর আহমেদ, কিন্তু তা হয়নি। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা ও বাবার মৃত্যু—এ দুই ঘটনা বেশি দূর এগোতে দেয়নি তাকে। ধরতে হয়েছে সংসারের হাল। এখন পড়াশোনা ছেড়ে বিভিন্ন হাটবাজারে আখের রস বিক্রি করে সংসার চালায় সে। সাগর দীঘিনালা উপজেলার হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র ছিল।

সাগরের মতো একই অবস্থা কৃষ্ণ চন্দ্র দেবনাথের। সে অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। কিন্তু বাবা মারা যাওয়ায় সংসার চালানোর ভার এসে পড়ে তার কাঁধে। এখন বই-খাতা গুটিয়ে কাজে যেতে হয় কৃষ্ণের। যখন যা কাজ পায়, তা-ই করে সে। সাগর ও কৃষ্ণের মতো খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১৭ শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ৪৭১ শিক্ষার্থী এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় ফরম পূরণ করেনি। শিক্ষকেরা বলছেন, একসঙ্গে এত শিক্ষার্থী ফরম পূরণ না করার ঘটনা এবারই প্রথম। এদের অধিকাংশই ছাত্রী। করোনা মহামারির কারণেই এমনটা ঘটেছে। কেউ পড়াশোনা ছেড়ে পরিবারের হাল ধরেছে। আবার কেউ বাল্যবিবাহের শিকার হয়েছে।

সাগর আহমেদ ও কৃষ্ণ চন্দ্র প্রথম আলোকে বলল, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এদিকে পরিবারে অসচ্ছলতা। দুয়ে মিলে বিপদে পড়েছে তারা। বিদ্যালয় খোলা থাকলে সময়মতো পরীক্ষা হলে অংশ নিতে পারত। এখন সবই অনিশ্চিত।

দীঘিনালা উপজেলায় ১৫টি উচ্চবিদ্যালয় ও ২টি দাখিল মাদ্রাসা রয়েছে। গত এপ্রিলের শুরুতে এসব প্রতিষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ শুরু হয়। বিলম্ব ফিসহ ফরম পূরণ শেষ হয় ২৪ জুন। মোট ২ হাজার ৮২০ জনের মধ্যে ফরম পূরণ করেছে ২ হাজার ৩৪৯ শিক্ষার্থী। বাকি শিক্ষার্থীরা ফরম পূরণ করেনি। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গেও কোনো যোগাযোগ করেনি। শিক্ষকেরা যোগাযোগ করে অভিভাবকদের অনেককেই বিদ্যালয়ে আসতে বলেছিলেন। কিন্তু অভিভাবকেরা যোগাযোগ করেননি। ফরম পূরণ করেনি—এমন পাঁচ ছাত্রের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তারা সবাই জানায়, করোনায় দুর্ভোগে পড়েছে তাদের পরিবার। এ কারণে পরিবারের হাল ধরতেই তারা পড়াশোনা ছেড়েছে।

জানা গেছে, অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ে সর্বোচ্চ ১০৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করেনি। এই বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ২৯৭ জন। এর পরে আছে হাচিনসনপুর উচ্চবিদ্যালয়। এ প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল ৩৫৮ জন, ফরম পূরণ করেনি ৮৯ জন।
অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদ্যালয়ে বারবার নোটিশ দেওয়ার পরও শিক্ষার্থীরা ফরম পূরণ করেনি। ধারণা করা যায়, শিক্ষার্থীরা কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আর ঝরে পড়া ছাত্রীরা বাল্যবিবাহের শিকার হয়েছে।

আছে বাল্যবিবাহের ঘটনাও

করোনার প্রভাবে দরিদ্র পরিবারের শিশুদের স্কুল থেকে ঝরে পড়া বাড়বে, বাড়বে শিশুশ্রম ও বাল্যবিবাহ—এমন আশঙ্কা ছিল। দীঘিনালায় সে আশঙ্কাই যেন সত্য হলো। কারণ, উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ের অন্তত ৩০ ছাত্রী বাল্যবিবাহের শিকার হয়েছে। এর মধ্যে মেরুং উচ্চবিদ্যালয়ের ২০ জন, দীঘিনালা মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের ৮ জন, অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের ১ জন ও হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের ১ জন ছাত্রী রয়েছে। তাদের সবারই এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, দীঘিনালা মডেল বালিকা উচ্চবিদ্যালয়ে এবার পরীক্ষার্থী ছিল ২৩৪ জন। এর মধ্যে ১৯০ জন ফরম পূরণ করেছে। বাকি ৪৪ জন বিদ্যালয়ে কোনো যোগাযোগই করেনি। শিক্ষকেরা মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও বেশির ভাগই সাড়া দেয়নি।

মেরুং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর বিদ্যালয় থেকে ৩০ জন ছাত্রী ঝরে পড়েছে। এর মধ্যে ২০ জনই বাল্যবিবাহের শিকার।
মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রহমান কবীর বলেন, ‘বাল্যবিবাহগুলো গোপনে ও এলাকার বাইরে নিয়ে দেওয়া হয়। আমরা জানলে ব্যবস্থা গ্রহণ করি। গত এক বছরে সাতটি বাল্যবিবাহ বন্ধ করেছি।’

অনাথ আশ্রম আবাসিক উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রীর বাবা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে। অনিশ্চয়তার দোলাচলে পড়ে গেছে পুরো পরিবার। এদিকে অসচ্ছলতা ও পড়াশোনায় মেয়ের অনীহা, দুটোই ছিল। এসব বিষয় বিবেচনা করে মেয়েকে বিয়ে দিয়েছি।’ হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রীর মা বলেন, করোনাকালে মেয়ের পড়াশোনা বন্ধ ছিল। ভালো পাত্রও মিলে যায়। এ কারণে মেয়েকে বিয়ে দেন তাঁরা।

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অনুকা খীসা প্রথম আলোকে বলেন, গত এক বছরে উপজেলার বিভিন্ন এলাকায় ১০টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। মেরুং এলাকায় একটি বাল্যবিবাহ দেওয়ায় অভিভাবকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাল্যবিবাহের তথ্য পেলেই তাঁরা ব্যবস্থা নিচ্ছেন।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক আবদুল হালিম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বাইরে। অনলাইনে শ্রেণিকার্যক্রম কতটুকু হচ্ছে, সেটি নিয়ে প্রশ্ন তোলা যায়। এখন স্থানীয় প্রশাসন ও শিক্ষকেরা মিলে মনিটরিং করা না গেলে ঝরে পড়ার হার আরও বাড়বে। আর করোনার কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এ কারণে ছাত্রদের কাজে লাগিয়ে দিচ্ছেন অভিভাবকেরা। আর ছাত্রীদের বিয়ে দিয়ে দিচ্ছেন। মনিটরিং করা না গেলে এসব ঘটনা আরও বাড়বে।