পড়াশোনা শেষে চাকরি করে আত্মনির্ভরশীল হতে চাই

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ওহেদাবাদ গ্রামের ভ্যানচালক আবদুর রহমানের মেয়ে নুসরাত জাহানের (১৪) বিয়ে ঠিক হয়েছিল। নুসরাত বাল্যবিবাহ বন্ধ করার জন্য পরিবারকে বুঝিয়ে ব্যর্থ হয়। এরপর সে থানায় গিয়ে নিজের বাল্যবিবাহ বন্ধ করে। প্রথম আলো কথা বলেছে স্থানীয় নূরুন-আলা নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহানের সঙ্গে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন :

বিয়ে করতে চাওনি কেন?

নুসরাত জাহান: আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। অন্য কোনো কারণ নেই। আমার বিয়ের পর পড়াশোনা বন্ধ করে দেওয়ার কথা হচ্ছিল। বিয়ের পর আমার পড়াশোনা চালিয়ে নেওয়ার ব্যাপারে বরপক্ষের আগ্রহ ছিল না। তা ছাড়া বাল্যবিবাহের কুফল সম্পর্কে আমি পাঠ্যবইয়ে পড়েছি। শিক্ষকেরা ক্লাসে সব সময় বাল্যবিবাহ না করার পরামর্শ দেন। আমি পড়াশোনা করে নিজে কিছু করতে চাই। এসব কারণে আমি পড়াশোনা শেষ না করে বিয়ে করতে চাচ্ছি না।

প্রশ্ন :

বাল্যবিবাহ বন্ধ করতে থানায় যাওয়ার ভাবনা এল কীভাবে?

নুসরাত জাহান: বাল্যবিবাহ বন্ধে আমার থানায় যাওয়ার ইচ্ছা ছিল না। প্রথমে আমি গোপালগঞ্জে খালার বাড়িতে যেতে চেয়েছিলাম। খালাতো বোনের সঙ্গে এ নিয়ে যোগাযোগ হয়। তিনি আমাকে তাঁদের বাড়িতে যেতে বলেন। আমি বাড়ি থেকে খালার বাড়ি যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে গিয়ে দেখি, বাস চলাচল বন্ধ হয়ে গেছে। রাত হয়ে যাওয়ায় খালাতো বোনের সঙ্গে পরামর্শ করে স্থানীয় থানায় যাই। মাথায় তখন একটাই ভাবনা, বিয়েটা বন্ধ করতে হবে। ভাবলাম বাড়ি ফিরে গেলে বিয়ে বন্ধ করা যাবে না। থানায় গেলে হয়তো বিয়েটা বন্ধ করা যাবে। পরে থানায় গিয়ে ওসি সাহেবকে বাল্যবিবাহের কথা জানাই।

প্রশ্ন :

থানায় গিয়ে নিজের বিয়ে বন্ধ করার পর তোমার কেমন লাগছে?

নুসরাত জাহান: কটা দিন চরম দুশ্চিন্তায় ছিলাম। বিয়েটা বন্ধ করার পর ভালো লাগছে।

প্রশ্ন :

থানায় গিয়ে নিজের বিয়ে বন্ধ করার পর পরিবার বা প্রতিবেশীদের প্রতিক্রিয়া কেমন ছিল?

নুসরাত জাহান: মা–বাবা বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন। তাঁরা ভুল বুঝতে পেরেছেন। কিন্তু প্রতিবেশী ও এলাকার কিছু মানুষ এটা ভালোভাবে নেয়নি। কেউ কেউ আমাকে গ্রাম থেকে বের করে দেওয়ার কথা বলছে। তবে প্রশাসন আমার পাশে থাকায় কেউ সামনে এসে কিছু বলছে না। পেছনে নানা কথা বলছে। আমাকে নিয়ে কটূক্তি করছে।

প্রশ্ন :

অনেকেই তোমার প্রশংসা করছে, উপজেলা প্রশাসন সংবর্ধনা দেবে বলেছে। তোমার কেমন লাগছে?

নুসরাত জাহান: ২২ ডিসেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে আমাকে সংবর্ধনা দেওয়া হবে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আমাকে তাঁর কার্যালয়ে ডেকে ধন্যবাদ দিয়েছেন। সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। গণমাধ্যম আমার প্রশংসা করে প্রতিবেদন করেছে। একজন সচিব ও মহিলাবিষয়ক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। আমি সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার শক্তি পাচ্ছি।

প্রশ্ন :

তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

নুসরাত জাহান: আমার একটাই ইচ্ছা, পড়াশোনা চালিয়ে যাওয়া। আর পড়াশোনা শেষ করে একটা চাকরি করে আত্মনির্ভরশীল হতে চাই।

আরও পড়ুন