পড়াশোনার খরচ মেটাতে রিকশা চালাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলছাত্র সাব্বির বিশ্বাস (১৫)
ছবি: সংগৃহীত

স্কুল আর পড়াশোনার ফাঁকে বাবার রিকশা চালাত স্কুলছাত্র সাব্বির বিশ্বাস (১৫)। রিকশা চালিয়ে দুই-একশ টাকা আয় হতো তার। সেটা দিয়েই চলত তার পড়াশোনা। কিন্তু সেই রিকশাই তার জীবনে কাল হলো। আজ শনিবার সকাল ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার উত্তর দয়ারামপুর এলাকার একটি খেত থেকে সাব্বিরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাব্বির সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আছিরুদ্দিন মুন্সিরডাঙ্গী এলাকার আলমগীর বিশ্বাসের ছেলে। চার ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। সদরের পদ্মারচর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে।

পুলিশ, এলাকার বাসিন্দা ও পরিবারের সঙ্গে কথা জানা গেছে, গতকাল শুক্রবার সকালে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সাব্বির। রাতে বাড়িতে না ফেরায় স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ করেন, কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। আজ সকালে সদরের অম্বিকাপুর ইউনিয়নের উত্তর দয়ারামপুর এলাকার ইউসুফ আলী জামে মসজিদের পেছনে একটি খেতে সাব্বিরের লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

নিহত সাব্বিরের বাবা আলমগীর বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘গতকাল সকালে সাব্বির আমাকে বলে “আজ স্কুল বন্ধ, রিকশা নিয়ে বের হলাম”। এটাই তার সঙ্গে আমার শেষ কথা। আমি যা আয় করি, তা দিয়ে সংসারের খরচ চালানোই মুশকিল হয়ে যায়। এ জন্য মাঝেমধ্যে পড়াশোনার ফাঁকে সে রিকশা চালাতে চাইলে আমি না করতাম না। রিকশা চালিয়ে সাব্বির যে আয় করত, তা দিয়েই সে খাতা, কলম, বই কিনত।’
পদ্মারচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উকিল উদ্দিন সর্দার বলেন, সাব্বির মেধাবী ছাত্র ছিল। অভাবের কারণে পড়াশোনার ফাঁকে ফাঁকে রিকশা চালাত। ঘাতকদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

আজ সকালে ফরিদপুর সদর উপজেলার উত্তর দয়ারামপুর এলাকার একটি খেত থেকে সাব্বিরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ
ছবি: প্রথম আলো

পুলিশ জানায়, সাব্বিরের দুই হাত ও পা বাঁধা ছিল। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, হাত ও পা বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাই করার জন্য অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে রিকশাটি নিয়ে গেছে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, যে রিকশাটি সাব্বির চালাত সেটি পুরোনো। সম্প্রতি ওই রিকশায় ২০ হাজার টাকা দিয়ে একটি ব্যাটারি লাগানো হয়। ঘাতকেরা বিষয়টি জানত বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।