বাসায় মা-বাবার সঙ্গে ইশারায় কথা বলে হুমায়রা বিনতে কাদেরী। কানে শোনে না, মুখ দিয়ে আওয়াজ করে ‘আ উঁ’। মাঝেমধ্যে অস্পষ্ট একটা–দুটো শব্দ বের হয় মুখ থেকে। অন্যরা না বুঝলেও বুঝতে পারেন মা। বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী হলেও পড়াশোনার ক্ষেত্রে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি হুমায়রার। এবার এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে পাস করেছে। এখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এই অদম্য মেধাবী।
হুমায়রার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার ডাক্তারপাড়া গ্রামে। বাবা পুলিশ কনস্টেবল হুমায়ুন লোহানী ও মা মেরীনা লোহানী গৃহিণী। চাকরির সুবাদে দীর্ঘ সময় দিনাজপুরের ছয় রাস্তার মোড় এলাকায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বসবাস হুমায়ুন লোহানীর।
২০০৩ সালে ৯ জানুয়ারি জন্ম হুমায়রার। জন্মের ১৮ মাস পরে কথা বলা ও শোনার ক্ষেত্রে অস্বাভাবিকতা দেখা দেয়।
সম্প্রতি ছয় রাস্তার মোড় এলাকায় হুমায়ুন-মেরীনা দম্পতির বাসায় গিয়ে দেখা যায়, পড়াশোনায় ব্যস্ত সময় পার করছে বড় মেয়ে হুমায়রা। মায়ের সঙ্গে ইশারায় কথা বলছে। কেমন আছে জানতে চাইলে সে খাতা এগিয়ে দেয়। প্রশ্ন লিখে দেওয়ার সঙ্গেই উত্তর লিখে দেয় হুমায়রা। বুয়েটে পড়াশোনা করে প্রকৌশলী হওয়ার ইচ্ছা কথা জানায়।
হুমায়রার মা জানায়, ছয় বছর বয়সে হুমায়রাকে ভর্তি করানো হয় দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ি বধির ইনস্টিটিউটে। সেখানে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে ভর্তি হয় সারদ্বেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ে। বিদ্যালয়ের শিক্ষকেরা হুমায়রাকে পাঠদানে প্রথম দিকে অসুবিধায় পড়েছিলেন। ধীরে ধীরে শিক্ষকদের আন্তরিকতায় সমস্যা কেটে যায়।
শিক্ষকেরা বুঝে ফেলেন হুমায়রাকে পাঠদানের পদ্ধতি। শিক্ষকেরা খাতা বা ব্ল্যাকবোর্ডে লিখে লিখে সব বোঝাতেন হুমায়রাকে। হুমায়রাও সবকিছুর ঠিকঠাক উত্তর করে। পিএসসিতে জিপিএ-৫ এবং এসএসসিতে জিপিএ–৪.৫ পেয়ে উত্তীর্ণ হয় হুমায়রা।
এরপর শহরের হলিল্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয় সে। বিদ্যালয়ের শিক্ষকদের মতো এখানেও বিপাকে পড়েন শিক্ষকেরা। কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী হলেও হুমায়রা অত্যন্ত মেধাবী ও সদা হাস্যোজ্জ্বল একটি মেয়ে।