পড়ে আছে কোটি টাকার অ্যাম্বুলেন্স

গ্যারেজ না থাকায় হাসপাতালের আইসিইউ সুবিধা–সংবলিত বিশেষায়িত অ্যাম্বুলেন্সগুলো খোলা আকাশের নিচে রাখা হয়েছে।

দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে আছে তিনটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স। গত শুক্রবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ (নিবিড় পরিচর্যাকেন্দ্র) সুবিধা–সংবলিত বিশেষায়িত অ্যাম্বুলেন্সগুলো খোলা আকাশের নিচে রাখা হয়েছে। হাসপাতালে প্রথমে একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্স ছিল। পরে সেখানে আরও দুটি আইসিইউ অ্যাম্বুলেন্স যোগ হয়। কিন্তু অ্যাম্বুলেন্সগুলো রাখার জন্য গ্যারেজ না থাকায় তিনটি অ্যাম্বুলেন্সই খোলা আকাশের নিচে রাখা হয়েছে। এ ছাড়া অ্যাম্বুলেন্সের জন্য প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না থাকায় সেগুলো বেশির ভাগ সময়ই অব্যবহৃত থাকে।

কর্তৃপক্ষ বলছেন, গ্যারেজের জন্য বর্তমানে হাসপাতালে কোনো বরাদ্দ নেই। আর অ্যাম্বুলেন্সের জন্য মন্ত্রণালয় থেকে আলাদা চিকিৎসক ও নার্স রাখার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এর আগে গত বছরের ২৪ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘সিলেটেও অব্যবহৃত পড়ে আছে আইসিইউ অ্যাম্বুলেন্স’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। পরে গত বছরের ৫ অক্টোবর ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে আরও দুটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছে ওই অ্যাম্বুলেন্স দুটির চাবি হস্তান্তর করেছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

হাসপাতাল কর্তৃপক্ষের কোনো স্থাপনা নির্মাণের বরাদ্দ কিংবা নিয়ম থাকে না। নির্মাণকাজ কিংবা বরাদ্দ আসে গণপূর্ত অধিদপ্তরে।
মাহবুবুল আলম, সহকারী পরিচালক, সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ

শুক্রবার দেখা গেছে, জরুরি বিভাগের প্রবেশপথের এক পাশে খোলা আকাশের নিচেই রাখা হয়েছে পাশাপাশি তিনটি বিশেষায়িত অ্যাম্বুলেন্স। এর মধ্যে দুটি বাংলাদেশ-ভারতের পতাকাসংবলিত। দুটি অ্যাম্বুলেন্সে লেখা ছিল ‘ফরম দ্য পিপল অব ইন্ডিয়া টু দ্য পিপল অব বাংলাদেশ’। এর পাশেই ছিল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া আইসিইউ অ্যাম্বুলেন্সটি। তিনটি অ্যাম্বুলেন্সেরই বসার আসনগুলো পলিথিন দিয়ে মোড়ানো ছিল; যা দেখে অব্যবহৃত ও নতুন মনে হয়েছে। তিনটি আইসিইউ অ্যাম্বুলেন্স ছাড়াও আরও বেশ কয়েকটি সাধারণ মানের সরকারি অ্যাম্বুলেন্স রাখা ছিল জরুরি বিভাগের প্রবেশমুখে।

হাসপাতালের যান পরিচালন শাখা সূত্রে জানা গেছে, ভারত থেকে দেওয়া অ্যাম্বুলেন্স দুটি এখনো ব্যবহার করা হয়নি। তবে ২০২০ সালের ১৭ অক্টোবর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া অ্যাম্বুলেন্সটি সিলেট থেকে ঢাকায় দুই দফা রোগী পরিবহন করেছে। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে প্রটোকলে অংশ নিয়েছিল।

হাসপাতালের এক কর্মকর্তা জানান, প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের আগে বিশেষায়িত অ্যাম্বুলেন্সগুলো পরিবহনের ভাড়া নির্ধারণ করা ছিল না। প্রতিবেদন প্রকাশের পর রোগী পরিবহনের জন্য কিলোমিটারে ১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। এর আগে সাধারণ অ্যাম্বুলেন্সগুলোর ভাড়াও কিলোমিটারে ১০ টাকা ছিল। এর বাইরে অ্যাম্বুলেন্সের সঙ্গে একজন চিকিৎসক ও একজন নার্স দিতে হয়। কিন্তু মন্ত্রণালয় থেকে আইসিইউ সুবিধা–সংবলিত অ্যাম্বুলেন্সের জন্য আলাদা চিকিৎসক ও নার্স রাখার ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

ওই কর্মকর্তা বলেন, এই ভাড়া দিয়ে রোগী এবং সঙ্গে একজন চিকিৎসক পরিবহনের বিষয়টি এখন হাসপাতাল কর্তৃপক্ষই পরিচালনা করছে। বেসরকারি আইসিইউ অ্যাম্বুলেন্সে সিলেট থেকে ঢাকায় রোগী নিয়ে যেতে প্রায় ৫০ হাজার টাকা ভাড়া হলেও সরকারি অ্যাম্বুলেন্সে সেটি পাঁচ হাজার টাকার মতো। তবে একটি অ্যাম্বুলেন্স নিয়ে যেতে খরচ পড়ে ১২ থেকে ১৫ হাজার টাকা।

হাসপাতালের সহকারী পরিচালক মাহবুবুল আলম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কোনো স্থাপনা নির্মাণের বরাদ্দ কিংবা নিয়ম থাকে না। নির্মাণকাজ কিংবা বরাদ্দ আসে গণপূর্ত অধিদপ্তরে। গ্যারেজ নির্মাণ করবে গণপূর্ত অধিদপ্তর। তাঁরা এ ব্যাপারে কয়েক দফা লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু সব দায় হাসপাতাল কর্তৃপক্ষকে বহন করতে হয়। এ অর্থবছরে কোনো বরাদ্দ নেই।