পড়ে আছে সাড়ে চার বছর

২০১৬ সালে বিপণনকেন্দ্র দুটির নির্মাণকাজ শেষ হয়। এরপর বিপণনকেন্দ্র দুটি উদ্বোধন করা হয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্যক্রম শুরু হয়নি কন্দর্পপুর কৃষিপণ্য সংগ্রহ ও বিপণনকেন্দ্রের। গত বুধবারের ছবি।
প্রথম আলো

এলাকার কৃষকের উৎপাদিত সবজির সঠিক মূল্যনির্ধারণ, উচ্চমূল্যের সবজির মান উন্নয়ন, সবজির প্রক্রিয়াজাতকরণ এবং সুষ্ঠু বাজারজাতকরণের জন্য নির্মাণ করা হয়েছে দুটি কৃষিপণ্য সংগ্রহ ও বিপণনকেন্দ্র। কেন্দ্র দুটির উদ্বোধনও করা হয়েছে। পরিচালনার জন্য গঠন করা হয়েছে দুটি কৃষি বিপণন সংঘ। উদ্বোধনের পর প্রায় সাড়ে চার বছর পার হয়েছে। কিন্তু চালু হয়নি বিপণনকেন্দ্র দুটি।

কৃষিপণ্য সংগ্রহ ও বিপণনকেন্দ্র দুটি হলো যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের কন্দর্পপুর কৃষিপণ্য সংগ্রহ ও বিপণনকেন্দ্র এবং খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর কৃষিপণ্য সংগ্রহ ও বিপণনকেন্দ্র।

এ বিষয়ে নিরাপদ উদ্ভিদতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের মার্কেটিং ফ্যাসিলিটেটর (মনিরামপুর ও ঝিকরগাছা) মৃন্ময় বিশ্বাস বলেন, কৃষিপণ্য সংগ্রহ ও বিপণনকেন্দ্র দুটি চালু করার জন্য নতুন করে কৃষকদের গ্রুপ তৈরি করা হচ্ছে। কন্দর্পপুর কৃষিপণ্য সংগ্রহ ও বিপণনকেন্দ্রে কচুর মুখি এবং চাঁদপুর কৃষিপণ্য সংগ্রহ ও বিপণনকেন্দ্রে ধান বিক্রির জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ জন্য সেখানে একটি করে ডিজিটাল ওজন মাপার যন্ত্র, মোটা পলিথিনের ত্রিপল এবং ১৮টি করে প্লাস্টিকের ঝুড়ি দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে বিপণনকেন্দ্র দুটি চালু করা যাবে বলে আশা করা যায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মনিরামপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, উপজেলার খেদাপাড়া এবং ভোজগাতী ইউনিয়নে প্রচুর সবজি উৎপাদিত হয়। সঠিক প্রক্রিয়াজাতকরণ এবং সুষ্ঠু বাজারজাতকরণের মাধ্যমে কৃষক যাতে তাঁদের উৎপাদিত সবজির সঠিক মূল্য পান, সে জন্য ইউনিয়ন দুটিতে দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের সহযোগিতায় প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে দুটি কৃষিপণ্য সংগ্রহ ও বিপণনকেন্দ্র নির্মাণ করা হয়। ২০১৬ সালে বিপণনকেন্দ্র দুটির নির্মাণকাজ শেষ হয়। এরপর বিপণনকেন্দ্র দুটি উদ্বোধন করা হয়। কৃষিপণ্য সংগ্রহ ও বিপণনকেন্দ্র দুটি পরিচালনার জন্য দুটি পৃথক পরিচালনা কমিটি করে দেওয়া হয়।

গত বুধবার সরেজমিন দেখা যায়, উপজেলার কন্দর্পপুর গ্রামের মধ্যে মনিরামপুর-কন্দর্পপুর পাকা সড়ক থেকে একটি ছোট ইটের রাস্তা উত্তর দিকে চলে গেছে। সড়কটি ধরে কিছুটা দূরে গেলে দেখা মিলল পশ্চিম দিকে মুখ করে লম্বালম্বি দাঁড়িয়ে থাকা পাকা একটি টিনের ঘরের। ঘরটি তালাবদ্ধ। কন্দর্পপুর কৃষি বিপণন সংঘের পরিচালক শেখ মোশাররফ হোসেন বলেন, বিপণনকেন্দ্রে বিদ্যুৎ–সংযোগের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা বিচ্ছিন্ন রয়েছে। এখানে কৃষকদের বসার কোনো ব্যবস্থা নেই। বিপণনকেন্দ্রে কৃষিপণ্য বেচাকেনা হয় না। এলাকার লোকজন মাঝেমধ্যে ঘরে তাঁদের মালামাল রাখেন।

চাঁদপুর কৃষিপণ্য সংগ্রহ ও বিপণনকেন্দ্রে গিয়ে দেখা গেছে, উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কের পাশে লম্বা একটি ঘর। ওপরে টিনের ছাউনি। পাশে একটি পানির ট্যাংকি। তার নিচে একটি টিউবওয়েল। টিউবওয়েলের পাশে একটি শৌচাগার। তার পাশে একটি বৈদ্যুতিক মোটর। ঘরটিতে বিদ্যুতের সংযোগ রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘বিপণনকেন্দ্র দুটির অবস্থান বাজার–সংলগ্ন না হওয়ায় ব্যবসায়ীরা সেখানে যেতে আগ্রহী হন না। কৃষক গ্রুপকে সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে বিপণনকেন্দ্র দুটি পুরোপুরি চালু হয়ে যাবে।’