ফটিকছড়ির ৬৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার সরকারি ৬৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। বর্তমানে ভারপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়গুলোর পাঠদান।
প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ২১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর জন্য এক হাজার ১২৬ জন শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের ৬৫টি এবং সহকারী শিক্ষকের ৩২টি পদ শূন্য। এসব শূন্য পদে বর্তমানে ভারপ্রাপ্ত শিক্ষকেরা কাজ করছেন।
মূলত অবসরজনিত কারণে পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা জানান। এর মধ্যে তিন থেকে চার বছরেরও বেশি সময় ধরে কয়েকটি বিদ্যালয়ের পদ খালি থাকায় প্রশাসনিক কাজেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
উপজেলার ধামারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি হয়েছে চার বছর। সেখানে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আবু তাহের। তিনি বলেন, ‘প্রশাসনিক কাজকর্মে উপজেলাসহ বিভিন্ন স্থানে গেলে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত হয়। এতে শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়ছে।’
শহীদ আবদুর রাজ্জাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি হয়েছে এক বছর আগে। সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন শফিউল আলম কুরাইশী। তিনি বলেন, নতুন নিয়োগ না পাওয়ায় অতিরিক্ত দায়িত্ব পালন ছাড়া কোনো উপায় নেই। বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং প্রশাসনিক কর্মকাণ্ড চালিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে।
খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া বলেন, ‘বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৮৪৬ জন। সাতটি পদের বিপরীতে শিক্ষক রয়েছে চারজন। আমি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকলে বাকি শিক্ষকদের পক্ষে পাঠদান করা কঠিন হয়ে পড়ে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের পদগুলো জরুরি ভিত্তিতে পূরণ হওয়া দরকার। এ বিষয়গুলো জানিয়ে গত বছর জেলা শিক্ষা কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, এসব পদে দ্রুত প্রধান শিক্ষক পদায়নের জন্য জেলার মাসিক সভায় প্রস্তাব উত্থাপন করা হবে।