ফটিকছড়িতে আ.লীগ নেতার ওপর হামলা, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলা
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুহাম্মদ ফারুক হোসেনের (৬০) ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের চারালীহাট এলাকায় হামলার ঘটনা ঘটে।

এদিকে ফারুক হোসেনের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে নয়টার দিকে উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতা–কর্মী চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।

আওয়ামী লীগের নেতা–কর্মী ও পুলিশ জানায়, গতকাল রাতে উপজেলার নানুপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে ফারুক হোসেন নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ইউনিয়নের চারালীহাট এলাকায় পৌঁছালে পাঁচ থেকে ছয়জন যুবক তাঁর মোটরসাইকেল থামিয়ে লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা করে। এ সময় ফারুক হোসেনকে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

এদিকে রাতে ফারুক হোসেনের ওপর হামলার খবর পেয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে সড়কে নামেন দলের নেতা–কর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতা–কর্মীরা উপজেলা সদরের বাসস্টেশন সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের দুই পাশে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়ে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। তবে রাত ১০টার দিকে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী।

নাজিম উদ্দিন মুহুরী প্রথম আলোকে বলেন, যাঁরা হামলা চালিয়েছেন, তাঁরা বর্তমানে আওয়ামী লীগে যোগ দিলেও একসময় তাঁরা বিএনপির কর্মী হিসেবে কাজ করতেন। হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় নেতা-কর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ জানিয়েছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন প্রথম আলোকে বলেন, হামলার শিকার আওয়ামী লীগ নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়েছে। ২০ থেকে ২৫ মিনিট চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।