ফটিকছড়িতে চাঁদাবাজির অভিযোগে ট্রাফিক পরিদর্শক বরখাস্ত, সার্জেন্ট প্রত্যাহার
চট্টগ্রামের ফটিকছড়িতে গাড়িচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় চাঁদাবাজির অভিযোগে ট্রাফিক পরিদর্শক (টিআই) নিখিল জীবন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় সার্জেন্ট আল আমিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রবিউল হোসেন।
এ ছাড়া একই দিন সকালে ফটিকছড়ি থানায় জিপচালককে প্রধান আসামি করে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলাটি করেন নিহত স্কুলছাত্রী মিশু আক্তারের চাচা মোহাম্মদ আইয়ুব।
ওসি মুহাম্মদ রবিউল হোসেন বলেন, ওই দুর্ঘটনায় টিআই নিখিল চাকমাকে সাময়িক বরখাস্ত হয়েছে। আর সার্জেন্ট আল আমিনকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে থানায় মামলা করেছেন এক ছাত্রীর চাচা। এতে জিপচালককে আসামি করা হয়েছে। তবে তাঁকে গ্রেপ্তার করা যায়নি।
এদিকে আজ বিকেলে বাবা মুহাম্মদ লোকমান ওমান থেকে দেশে ফেরার পর নিহত নিশা মনির জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। গতকাল বুধবার রাত নয়টায় দাফন হয় নিহত মিশু আকতারের।
গত বুধবার দুপুরে ফটিকছড়িতে পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়। উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফেলাগাজী দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিশু আকতার (১৬) দক্ষিণ পাইন্দং মোল্লার বাড়ির আবুল বশরের মেয়ে ও নিশা মনি (১৮) একই এলাকার ওমানপ্রবাসী মোহাম্মদ লোকমানের কন্যা। তারা দুজনই হাইদচকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
এ ঘটনার পরপর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে অভিযোগ করেন, ঘটনাস্থলে তল্লাশিচৌকি বসিয়ে ট্রাফিক পুলিশের সদস্যরা চাঁদাবাজি করছিলেন। এই সড়কের চালকদেরও অভিযোগ, ট্রাফিক পুলিশ তল্লাশিচৌকির নামে গাড়ি আটকে প্রতি গাড়ি থেকে ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা নেয়। চাহিদামতো চাঁদা না দিলে মামলা দিয়ে হয়রানি করে। পুলিশকে চাঁদা না দিয়ে চাঁদের গাড়িটি পালানোর সময় দুর্ঘটনাটি ঘটেছে বলে তাঁদের ভাষ্য।