ফটিকছড়িতে পুকুরে ভাসছিল দুই বোনের নিথর দেহ
চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ভাসমান অবস্থায় আড়াই ও দুই বছর বয়সী দুই চাচাতো বোনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোয়াইজ্জের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শিশুদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের ঘাট থেকে পড়ে তারা ডুবে মারা যায়। মৃত দুজন হলো ওই এলাকার মোহাম্মদ নজরুলের আড়াই বছর বয়সী মেয়ে মিম ও মোহাম্মদ ফারুকের দুই বছর বয়সী মেয়ে জান্নাতুল। সম্পর্কে তারা চাচাতো বোন।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ওই দুই শিশু। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
একই ইউনিয়নের বাসিন্দা ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে মারা যাওয়া ওই দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাবিল চৌধুরী প্রথম আলোকে বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা পুকুরে ডুবে মারা গেছে।